1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ সিলেটে, ফাইনাল চট্টগ্রামে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

বাংলাদেশ ও নেপালের মোট চারটি ভেন্যুতে হবে মেয়েদের ২০২৭ অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আইসিসি উইমেন’স অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে গত আসরের চ্যাম্পিয়ন ভারত। ছবি: আইসিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সিলেটের সবুজে শুরু, চট্টগ্রামের বালুকাবেলায় শেষ। মাঝে গ্রুপ পর্ব ও সুপার সিক্সের কিছু ম্যাচ হবে নেপালের র্কির্তিপুর ও মুলপানিতে। সব মিলিয়ে বাংলাদেশ ও নেপালের চার ভেন্যুতে হবে মেয়েদের ২০২৭ আইসিসি উইমেন’স অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট ৪১ ম্যাচ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২১ জানুয়ারি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ দিয়ে পর্দা উঠবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের তৃতীয় আসরের। ১৬ দিনের এই টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ চট্টগ্রামে আগামী ৬ ফেব্রুয়ারি।

বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ বুধবার করেছে আইসিসি। বাংলাদেশে হবে বেশির ভাগ ম্যাচ। চট্টগ্রামে ১৪ ও সিলেটের মাঠে হবে ১২টি ম্যাচ। এছাড়া মুলপানি আয়োজন করবে ৮টি ম্যাচ, কির্তিপুর ৭টি।

টুর্নামেন্টের দুই সেমি-ফাইনাল ও ফাইনাল হবে চট্টগ্রামে।

উদ্বোধনী দিনে সিলেট ও মুলপানিতে হবে দুইটি করে ম্যাচ। প্রতিদিন স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিট ও দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে খেলা। শুধুমাত্র সেমি-ফাইনাল ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

বিশ্বকাপের ১৬ দলকে ভাগ করা হয়েছে চার গ্রুপে। ‘সি’ গ্রুপে সংযুক্ত আরব আমিরাত ছাড়া বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও নাইজেরিয়া। ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গী সহ-আয়োজক নেপাল, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড।

‘বি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গী সামোয়া। ‘ডি’ গ্রুপে থাকছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড।

আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরুর পর ২৩ জানুয়ারি অস্ট্রেলিয়া ও ২৫ জানুয়ারি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে স্বাগতিকদের তিন ম্যাচই হবে সিলেটে।

প্রতি গ্রুপ থেকে তিনটি করে দল পাবে সুপার সিক্সের টিকেট। ‘এ’ ও ‘ডি’ গ্রুপ থেকে উঠে আসা তিনটি করে মোট ছয় দলকে নিয়ে হবে সুপার সিক্সের প্রথম গ্রুপ। ‘বি’ ও ‘সি’ গ্রুপের ছয় দল থাকবে দ্বিতীয় গ্রুপে। গ্রুপের চতুর্থ দল পাবে একটি প্লে-অফ ম্যাচ খেলার সুযোগ।

সুপার সিক্স পর্যায়ে সব দল খেলবে দুইটি করে ম্যাচ। অন্য গ্রুপ থেকে উঠে আসা তিন দলের মধ্যে শুধু নিজেদের অবস্থানের বাইরে অন্য দুই দলের বিপক্ষে হবে সেই দুই ম্যাচ। অর্থাৎ 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে 'ডি' গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় দলের বিপক্ষে। একইভাবে 'এ' গ্রুপের দ্বিতীয় দল খেলবে 'ডি' গ্রুপের প্রথম ও তৃতীয় দলের বিপক্ষে। এভাবেই সাজানো হবে সুপার সিক্সের সূচি।

গ্রুপ পর্ব থেকে সুপার সিক্সের টিকিট পাওয়া দলগুলোর বিপক্ষে পাওয়া পয়েন্ট যুক্ত হবে পরের ধাপেও। ‘সি’ গ্রুপ থেকে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাত যদি সুপার সিক্সে ওঠে, তাহলে অস্ট্রেলিয়া ও আমিরাতের বিপক্ষে পাওয়া পয়েন্টগুলি সুপার সিক্সেও পাবে বাংলাদেশ। সেক্ষেত্রে নাইজেরিয়ার বিপক্ষে ফল যা-ই হোক, সেটি পরের রাউন্ডে বিবেচনায় আসবে না।

গ্রুপ পর্ব থেকে বয়ে নেওয়া পয়েন্ট ও সুপার সিক্স রাউন্ডে খেলা দুই ম্যাচের ফলের ওপর নির্ধারিত হবে প্রথম ও দ্বিতীয় গ্রুপ থেকে কোন চার দল পা রাখবে সেমি-ফাইনালে।

আট মাসেও কাটেনি অস্থিরতা: জনমনে স্বস্তি ফেরানো জরুরি

আফিম থেকে ইয়াবা: মিয়ানমারের মাদক-যুদ্ধে ভুক্তভোগী বাংলাদেশ

আমেরিকা কি সত্যি ধর্মীয় ফ্যাসিবাদের পথে যাচ্ছে?

প্রবাসী বন্ড ও সমন্বিত উন্নয়ন: সিলেটের সম্ভাবনা ও ভবিষ্যৎ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026