1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

জ্বালানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ–আলজেরিয়া চুক্তি সই

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি খাতে সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই স্মারকে মূল উদ্দেশ্য বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে গতকাল মঙ্গলবার এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের কর্মকর্তারা জানিয়েছেন—বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং আলজেরিয়ার পক্ষে জ্বালানি বিষয়ক মন্ত্রী মোহামেদ আরকাব এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষরের পাশাপাশি দুই দেশের প্রতিনিধিরা জ্বালানি সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে জিটুজি (সরকার থেকে সরকার) পদ্ধতিতে আলজেরিয়া থেকে বাংলাদেশে এলএনজি, এলপিজি এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির বিষয়ে তাদের মধ্যে কথা হয়।

এ ছাড়া, বাংলাদেশে এলএনজি ও এলপিজি অবকাঠামো উন্নয়ন এবং তেল, গ্যাস ও কয়লা অনুসন্ধানের বিভিন্ন দিক নিয়েও তারা মতামত বিনিময় করেন। জ্বালানি খাতের আধুনিক প্রযুক্তি ও কারিগরি দক্ষতা অর্জনের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৌশলী ও টেকনিশিয়ানদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করতে আলজেরিয়ার মন্ত্রীকে অনুরোধ জানান বাংলাদেশের জ্বালানিমন্ত্রী।

জ্বালানি খাতে এই সহযোগিতার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন জ্বালানিমন্ত্রী। তিনি মন্তব্য করেন, এই উদ্যোগ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল। এর ফলে জিটুজি পদ্ধতির অধীনে আফ্রিকার বিকল্প উৎস থেকে এলএনজি, এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির বড় সুযোগ তৈরি হলো।

এ ছাড়া, আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল হুদা, দেশটির খনি ও খনিজ শিল্প বিষয়ক মন্ত্রী মুরাদ হানাফি এবং জ্বালানি ও নবায়নযোগ্য শক্তি বিষয়ক মন্ত্রী মুরাদ আদজাল পৃথকভাবে বাংলাদেশের জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা দ্বিপাক্ষিক নানা স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

এই সাক্ষাৎগুলোতে বাংলাদেশ ও আলজেরিয়ার পারস্পরিক সুবিধার জন্য বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সার ও কারিগরি জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার নানা উপায়ের ওপর জোর দেওয়া হয়।

এর আগে, গত সোমবার আলজেরিয়ার হুয়ারি বোমেডিয়েন আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি প্রেসিডেন্সিয়াল লাউঞ্জে বাংলাদেশের জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে উষ্ণ অভ্যর্থনা জানান মোহামেদ আরকাব।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026