প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ফেসবুকে 'স্নাইপার' সংক্রান্ত মন্তব্য করে আলোচনায় আসা এক যুবককে আটক করা হয়েছে। ওই যুবকের নাম আবু বকর।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আবু বকরকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করেছেন তারা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, 'রাজশাহী থেকে আটক করার পর আবু বক্কর সিদ্দিকীকে ঢাকায় আনা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।'
উল্লেখ্য, মঙ্গলবার বিকেল তিনটার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি বিশেষ বিমান। এরপর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে রাজশাহীর নগরীতে প্রবেশ করেন। এ সময় রাস্তার দুই ধারে অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা জানায়। চলন্ত বাস থেকে প্রধানমন্ত্রীও হাত নেড়ে জবাব দেন।
তবে 'দ্য বিউটি অব রাজশাহী' নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকালে ব্যবহৃত বাস নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। এই পোস্টের সঙ্গে যুক্ত করা হয় প্রধানমন্ত্রীকে বহনকারী রুয়েটের বাসের ছবি।
পোস্টটির মন্তব্যের ঘরে আবু বকর সিদ্দিক নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয় 'ইস! একটা বড় সুযোগ। শুধু একটা স্নাইপারের অভাব ছিল'। মন্তব্যটির ভাষা ও প্রেক্ষাপট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি নেতারা।
মন্তব্যটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তৎপর হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আবু বকরকে শনাক্ত করার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম বলেন, 'ফেসবুকে এ ধরনের মন্তব্য দেখে আমরাও উদ্বিগ্ন হয়েছি। প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্তব্যটি তার প্রতি হুমকির ইঙ্গিত বহন করে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।'
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, 'প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুক পেইজে একজন একটি মন্তব্য করেছেন, যা অত্যন্ত উদ্বেগজনক, অপরাধমূলক ও দায়িত্বজ্ঞানহীন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.