ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সুশাসন নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
তিনি বলেন, সরকারি সেবায় যেকোনো অনিয়ম, দুর্নীতি ও হয়রানি রোধে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আজ ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝালকাঠি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণ ও উন্নয়নমূলক কার্যক্রমসহ সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নবঞ্চিত ঝালকাঠির জনগণের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভায় ঝালকাঠি জেলার চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন।