বাগেরহাট, ১৫ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে এবং বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু বক্তব্য রাখেন।
আইনমন্ত্রী বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন আপনাদের জন্য টেস্ট ম্যাচ হিসেবে ধরা হচ্ছে। এখানেও যদি দলের প্রার্থীর বিপক্ষে বিরোধিতা করেন তবে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে। দলের সাথে আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা করে কেউ কখনো জয়ী হতে পারেনি এটা আপনাদের মাথায় রাখতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে আসাদুজ্জামান বলেন, এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে অনেকের এমপি হওয়ার যোগ্যতা রয়েছে। মেয়র, উপজেলা চেয়ারম্যান এবং ইউপি চেয়ারম্যান হওয়ার যোগ্যতাও রয়েছে।
কিন্তু প্রত্যেকটি পদে একজন প্রার্থী হতে পারবেন। যাকে মনোনয়ন দিলে দলের পক্ষে রায় আনতে পারবে তাকেই মনোনয়ন দেওয়া হবে।