বিশ্বকাপ আয়োজন করে যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা বেড়েছে আগের চেয়ে, যেটির সুফল পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
এই বছরের বিশ্বকাপ আয়োজন করে যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তার ঢেউ তীব্র হয়েছে আগের চেয়ে। সেটির সুফল পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। নিলসেন স্পোর্টসের সোমবার প্রকাশিত তথ্য অনুযায়ী, এই মৌসুমে এখনও পর্যন্ত ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে ইংলিশ শীর্ষ লিগের দর্শকসংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
মার্কিন সম্প্রচারকারী প্রতিষ্ঠান এনবিসি এবং ইউএসএ নেটওয়ার্ক এই মৌসুমে প্রিমিয়ার লিগের ম্যাচগুলোর জন্য গড়ে পাঁচ লাখ দর্শক পেয়েছে। আগের চেয়ে যা বেড়েছে তিন শতাংশ। যুক্তরাষ্ট্রে ফুটবল ও ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয়তা বাড়ার বাড়ার নিদের্শক এটি।
নিলসেন স্পোর্টসের বৈশ্বিক মহাব্যবস্থাপক জন স্টেইনার বলেন, বিশ্বকাপের কারণেই এটি সম্ভব হয়েছে।
“বিশ্বকাপ একটি শক্তিশালী অনুঘটক হিসেবে কাজ করেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রে আরও বিস্তৃত জনগোষ্ঠীর মধ্যে প্রিমিয়ার লিগের প্রভাব বিস্তার করেছে।
আমাদের তথ্য দেখাচ্ছে যে, সমর্থক সংখ্যা রেকর্ড উচ্চতায়ই পৌঁছাচ্ছে তো বটেই, পাশাপাশি তরুণ ও বিভিন্ন ঘরানার দর্শকদের মধ্যে দ্রুত প্রসারিত হচ্ছে এবং প্রধান ঘরোয়া ও আন্তর্জাতিক লিগগুলোতেও এর প্রভাব পড়ছে।”
গত ২৯শে আগস্ট টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে নিউক্যাসল ইউনাইটেডের ২-০ গোলে ঘরের মাঠের পরাজয়ের ম্যাচটি দশ লাখেরও বেশি আমেরিকান দেখেছে। এই মৌসুমে এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি দর্শকের দেখা ম্যাচ সেটি।
এই মৌসুমে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি দেখা ছয়টি প্রিমিয়ার লিগ ম্যাচের মধ্যে তিনটিই টটেনহ্যাম হটস্পারের ম্যাচ। ব্রেন্টফোর্ডের কাছে তাদের ৩-০ গোলে হার এবং এভারটনের সঙ্গে ঘরের মাঠে ০-০ গোলে ড্রয়ের ম্যাচও এই তালিকায় স্থান পেয়েছে।
বিশ্বকাপকে ঘিরে ফুটবলের ক্রমবর্ধমান প্রচারের ফলে মেজর লিগ সকারও লাভবান হয়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ ফুটবল লিগে ১৬ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পেয়েছে ২৩ শতাংশ।
নিলসেন ফ্যান ইনসাইটস-এর তথ্য অনুযায়ী, জুলাই মাসে বিশ্বকাপের প্রতি আগ্রহ সর্বোচ্চ ৮ কোটি ৭০ লাখ ভক্তে পৌঁছেছিল, যার মধ্যে মোট ভক্তসংখ্যার ৪৪ শতাংশ ছিলেন নারী সমর্থক।
যুক্তরাষ্ট্রে ৩ হাজার জনের নমুনা নিয়ে আধ ঘণ্টার অনলাইন সমীক্ষার মাধ্যমে তথ্য সংগ্রহ করে থাকে নিলসেন ফ্যান ইনসাইটস।
মস্তিষ্কের অন্ধকারে আলোর ঝলক: ২০২৬ সালের চিকিৎসাশাস্ত্রের নোবেল
রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: দীর্ঘস্থায়ী সংঘাতের সমীকরণ ও বৈশ্বিক বাস্তবতা
তৌফিক ইমরোজ খালিদী: আমাদের কালের কাঙাল হরিনাথ