গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকেরা।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে কালিয়াকৈরের এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন।
প্রথমে তারা মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে বিক্ষোভ করেন। পরে মিছিল নিয়ে মৌচাক এলাকায় পৌঁছে সকাল ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এ সময় মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা।
এতে মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কারখানা থেকে মহাসড়কের দিকে যাওয়ার সময় বিক্ষোভকারী শ্রমিকেরা আশপাশের বিভিন্ন কারখানার ফটকে গিয়ে ছুটি ঘোষণার জন্য চাপ সৃষ্টি করেন। এ সময় কয়েকটি কারখানার ফটক লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা।
পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই সড়কের পাঁচ থেকে ছয়টি কারখানায় আজ মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, 'একটি কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। সেখানে আমাদের পুলিশ সদস্যরা রয়েছেন। তারা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করছেন।'
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.