বিজেপির দাবি, রাজনৈতিক ও নীতিগত অবস্থানের কারণেই এতোদিন এ ধরনের কোনো শাখা সংগঠন গঠন করেনি তারা।
দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতারা। ছবি: আনন্দবাজার ডটকম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
দীর্ঘ সাড়ে চার দশকের নীতি বদলে প্রথমবারের মতো নিজেদের শ্রমিক সংগঠন গড়ল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) । এর প্রথম কর্মসূচী হয়েছে পশ্চিমবঙ্গে।
আনন্দবাজার ডটকম জানিয়েছে, শনিবার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ঠিকাশ্রমিকদের জন্য শ্রমিক সংগঠন চালু করেছে বিজেপি। কেন্দ্রীয়ভাবে এ শ্রমিক সংগঠনের কোনো নাম রাখা হয়নি, বরং অঞ্চলভিত্তিতে ‘এনএসসিবিআই এয়ারপোর্ট কনট্রাক্টরস ওয়ার্কার্স মোর্চা’ নাম রাখা হয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য সামাজিক মাধ্যমে এটিকে ‘বিজেপি ট্রেড ইউনিয়ন সেল’ বলে বর্ণনা করেছেন।
১৯৮০ সালে বিজেপি গঠিত হওয়ার পর থেকে দলটির কোনো শ্রমিক সংগঠন ছিল না। দলটির আনুষ্ঠানিক কোনে ছাত্র সংগঠনও নেই। বিজেপির দাবি, রাজনৈতিক ও নীতিগত অবস্থানের কারণেই এতোদিন এ ধরনের কোনো শাখা সংগঠন তৈরি করেনি তারা।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) শিক্ষার্থী শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) ভারতব্যাপী বিজেপির সহযোগী ছাত্র সংগঠন হিসেবে কাজ করে। আরএসএস এর শিক্ষক, অধ্যাপকদের সংগঠনও আছে। একইভাবে আরএসএসের শ্রমিক শাখা ভারতীয় মজদুর সংঘও (বিএমএস) আছে।
কিন্তু বিজেপির সরাসরি এ ধরনের কোনো শাখা সংগঠন ছিল না। কিন্তু এবার দীর্ঘদিনের নীতি বদলে নিজস্ব শ্রমিক সংগঠনের ঘোষণা দিল বিজেপি।
এতোদিন তাদের কোনো শ্রমিক সংগঠন না থাকার বিষয়ে বিজেপির রাজ্য প্রধান শমীক বলেছেন, “আদর্শগত বা রাজনৈতিক অবস্থানগতভাবে আমরা বিশ্বাস করি, যদি কোনো রাজনৈতিক দলের নিজস্ব শ্রমিক সংগঠন থাকে, তবে সেই দল ক্ষমতায় থাকলে শ্রমিক তার অধিকার, বঞ্চনা নিয়ে সরকারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ, আন্দোলন করতে পারবে না।”
কিন্তু তাদের নতুন সংগঠন তেমনটা হবে না জানিয়ে তিনি বলেন, “দেশের জন্য কাজ করবো, কাজের জন্য প্রাপ্য অর্থ নেবো, এই অবস্থান থেকেই আমরা সংগঠন তৈরি করেছি।”
দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলও। তিনিও ‘এনএসসিবিআই এয়ারপোর্ট কনট্রাক্টরস ওয়ার্কার্স মোর্চা’কে বিজেপির ‘প্রথম আনুষ্ঠানিক শ্রমিক সংগঠন’ হিসেবে ব্যাখ্যা করেছেন তিনি।
দিনটিকে একটি ‘ঐতিহাসিক দিন’ হিসেবে উল্লেখ করে বনসল বলেন, “আনুষ্ঠানিকভাবে বিজেপির প্রথম শ্রমিক সংগঠনের সূচনা হচ্ছে এই বিমানবন্দরে। আগামী দিনে আমাদের শ্রমিক সংগঠন অন্য অঞ্চলেও গড়ে উঠবে।”
মাটি বাঁচানোর বৈশ্বিক আলোচনায় বাংলাদেশের জায়গা কোথায়?
ব্যাটারি রিকশার বিধিমালা: নিরাপত্তা, নাকি জীবিকার ওপর বেড়া?
মেট্রোরেলে প্রবীণের মৃত্যু: একটু বসার জায়গা ছাড়েনি কেউ
উদীচীর ৫৮: কনটেন্টের কোলাহলে মুক্তবুদ্ধির ধ্রুবতারা