বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অবৈধভাবে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার সময় ওই পরীক্ষার্থীকে শনাক্ত করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগপ্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ মন্ত্রণালয়। নিয়োগ পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম ও অসদুপায়ের বিরুদ্ধে মন্ত্রণালয়ের অবস্থান কঠোর।
এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের পরীক্ষার নিয়মনীতি মেনে সততা ও নিষ্ঠার সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।