২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় বিদেশের কেন্দ্রগুলোতে ৯০ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এসব কেন্দ্রে মোট ২৩০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ২০৯ জন। অনুত্তীর্ণ হয়েছেন ২১ জন।
আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবার বিদেশে মোট আটটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব কেন্দ্রের মধ্যে শতভাগ পাস করেছে একটি প্রতিষ্ঠান। তবে কোনো প্রতিষ্ঠানে শূন্য পাসের ঘটনা নেই। এবার বিদেশের কেন্দ্রগুলোতে কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত হননি।
এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।
এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। তবে পরীক্ষায় বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এছাড়া পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন। শিক্ষা বোর্ডের দুটি কমন ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে।