রাজশাহীর পবা থানার কচুয়াতৈল এলাকা থেকে বুধবার গভীর রাতে তাকে আটক করে এসআরবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে ব্যবহৃত বাসের ছবি দিয়ে ফেইসবুকে করা একটি পোস্টে স্নাইপার দিয়ে গুলি করার ইঙ্গিতপূর্ণ মন্তব্যের ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।
আবু বক্কর সিদ্দিকী নামের ওই যুবককে বুধবার গভীর রাতে রাজশাহীর পবা থানার কচুয়াতৈল এলাকার বাসা থেকে আটক করার কথা জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার সকালে এসআরবি-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল ইশতিয়াক এ তথ্য জানান।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ ও এসআরবির সহায়তায় তাকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি ডিএমপির হেফাজতে রয়েছেন।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলামও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজিউর রহমান জানান, মঙ্গলবার বেলা ৩টার দিকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে তিনি নগরীতে প্রবেশ করেন।
এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধান মানুষ ও নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। চলন্ত বাস থেকে হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন প্রধানমন্ত্রী।
পরে ওই বাসে করেই ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। দুর্গাপূজা উপলক্ষে একটি মন্দির পরিদর্শন শেষে একই বাসে করে তিনি আবার শাহ মখদুম বিমানবন্দরে ফিরে যান।
এদিকে ‘দ্য বিউটি অব রাজশাহী’ (The Beauty of Rajshahi) নামের একটি ফেইসবুক পেইজে প্রধানমন্ত্রীর সফরে ব্যবহৃত বাসের ছবি দিয়ে একটি পোস্ট করা হয়।
পোস্টটির ক্যাপশনে লেখা হয়- “সবই বুঝলাম রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই, রুয়েটের বাসে কেন? আপনারা কি জানেন রাজশাহীবাসী”?
ওই পোস্টের মন্তব্যের ঘরে এমডি আবু বকর সিদ্দিক নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, “ইস! একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।”
মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা তৈরি হয়। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বুধবার জানিয়েছিলেন, মন্তব্যকারীকে শনাক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বৃহস্পতিবার ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রীকে ভয়ঙ্কর কটূক্তিকারী আবু বক্কর সিদ্দিকীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।”
এদিকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে করা মন্তব্যের ভাষা ও প্রেক্ষাপট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজশাহীর বিএনপি নেতারা।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, “প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা জরুরি।”
মক্কায় মৃত্যুদণ্ড: প্রবাসীদের আইনি সুরক্ষার কঙ্কালসার চিত্র
সড়ক দুর্ঘটনা রোধে রাষ্ট্রের ব্যর্থতার দায় আদালতের কাঁধে
তৌফিক ভাইয়ের চারটি বাক্য, আমার সাংবাদিকতার পাঠ
আট মাসেও কাটেনি অস্থিরতা: জনমনে স্বস্তি ফেরানো জরুরি