‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি মোংলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ওয়াটারকিপার্স বাংলাদেশের প্রতিনিধি মো. নূর আলম শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা পীযূষ রায় এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মোংলা উপকূলীয় একটি অত্যন্ত দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে হয় এখানকার বাসিন্দাদের। জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন এই ঝুঁকি আরও বাড়ছে। তবে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের জন্য বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়, বরং তথাকথিত উন্নত বিশ্বই এর জন্য প্রধানত দায়ী। তাই উন্নত দেশগুলোর কাছ থেকে কোনো ঋণ বা অনুদান নয়, জলবায়ু ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ দাবি জানান বক্তারা।
আলোচনা সভা শেষে মোংলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দুর্যোগকালে উদ্ধার কার্যক্রম ও সুরক্ষার ওপর মহড়া প্রদর্শন করে।