1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকেরা। প্রায় এক ঘণ্টা পর সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুরের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা।

আন্দোলনরত শ্রমিক তরিকুল, মাফুজ ও হাসমত আলী বলেন, গত ১০ অক্টোবরের আন্দোলনের পর কারখানা কর্তৃপক্ষ ১৩ অক্টোবর সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে বেতন না পেয়ে তারা আবারও আন্দোলনে নামেন। তাদের অভিযোগ, বুধবার বেতন দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করে টালবাহানা করে। এর মধ্যে বৃহস্পতিবার কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করা এবং বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়। তবে শ্রমিকেরা সেই প্রস্তাবে সাড়া না দিয়ে অবরোধ চালিয়ে যান। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে অবরোধকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম বলেন, সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকেরা সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। তাদের মালিকপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়। কিন্তু তারা অনুরোধে সাড়া না দিয়ে অবরোধ অব্যাহত রাখেন। পরে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

পুলিশ সুপার আরও বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বেতন পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়ার বিষয়ে শ্রমিকদের অভিযোগ সঠিক নয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026