একই দিনে চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রামে যাবেন জামায়াত আমির। অন্যদিকে সন্ধ্যায় নগরের জেএম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
দুই শীর্ষ নেতার সফর ঘিরে নগরে রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর সফর ও দুর্গাপূজা উপলক্ষে নগর ও জেলায় চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ বলেন, আমিরে জামায়াত মঙ্গলবার সকালে চট্টগ্রামে আসবেন। সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।
অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যা ৬টার দিকে নগরের রহমতগঞ্জের জেএম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করবেন। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান দেওয়ার কথা রয়েছে তার। পরে একটি হোটেলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২০ হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নগরের প্রায় ২ হাজার ৬০০ পূজামণ্ডপে নিয়মিত পরিদর্শন, মোবাইল টহল ও সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ স্ট্রাইকিং ফোর্সও প্রস্তুত রাখা হবে।
নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে নগরের বিভিন্ন সড়ক সংস্কার, সৌন্দর্যবর্ধন ও ফুটপাত দখলমুক্ত করার কাজ চলছে।
তবে জামায়াত আমিরের সাংগঠনিক কর্মসূচির বিস্তারিত সময়সূচি ও স্থান সম্পর্কে দলটির পক্ষ থেকে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.