একই দিনে পৃথক কর্মসূচিতে চট্টগ্রাম সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছে দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। অন্যদিকে, সন্ধ্যায় পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রামে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিরোধীদলীয় নেতা।
এ সময় বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
দলটির চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, "জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আয়োজিত প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতেই মূলত বিরোধীদলীয় নেতা চট্টগ্রামে এসেছেন।"
তিনি বলেন, "সকালে বিমানবন্দর থেকে তিনি নগরীর চকবাজারের সাফা অর্কিডে আয়োজিত উত্তর জেলার ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলনে যোগ দিয়েছেন। সেখান থেকে জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত প্রাক্তন সাথী-সদস্য সম্মেলনে যোগ দেবেন। দুটি কর্মসূচি শেষে বিকেলের ফ্লাইটে ঢাকায় ফিরবেন।"
মুহাম্মদ শাহজাহান আরও বলেন, "দুটিই আমাদের অভ্যন্তরীণ সাংগঠনিক কর্মসূচি। সময় স্বল্পতার কারণে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না।"
এদিকে, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজ সন্ধ্যায় চট্টগ্রামের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আর্থিক অনুদান দেওয়ার কথা রয়েছে তাঁর।
এরপর নগরীর হোটেল র্যাডিসন ব্লুতে বিএনপি নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সভা শেষে রাতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
হোটেল র্যাডিসন ব্লুতে আয়োজিত সাংগঠনিক সভায় বিএনপির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ইউনিটের নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে। মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ পাঁচ নেতা, সংসদ সদস্য এবং কেন্দ্রীয় নেতারাও সভায় উপস্থিত থাকবেন।
বিএনপির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম টিবিএসকে বলেন, পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী সাংগঠনিক সভায় অংশ নেবেন। সভায় সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২০ হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নগরের প্রায় ২ হাজার ৬০০ পূজামণ্ডপে নিয়মিত পরিদর্শন, মোবাইল টহল ও সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ স্ট্রাইকিং ফোর্সও প্রস্তুত রাখা হবে।
নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে নগরের বিভিন্ন সড়ক সংস্কার, সৌন্দর্যবর্ধন ও ফুটপাত দখলমুক্ত করার কাজ চলছে।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.