1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস রিটেইল ব্যাংকিং বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের শিশুর অধিকার রক্ষাই আমাদের অঙ্গীকার বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে? বীরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি মনজুরুল মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’ প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

দক্ষ টেক্সটাইল প্রকৌশলী তৈরি ও আধুনিক গবেষণায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি টেক্সটাইল খাতকে আরও এগিয়ে নিতে গবেষণা, উদ্ভাবন, আধুনিক প্রযুক্তি, অবকাঠামো উন্নয়ন এবং কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বাংলাদেশকে বৈশ্বিক প্রতিযোগিতায় শীর্ষ অবস্থানে নিতে দক্ষ টেক্সটাইল প্রকৌশলী ও গবেষক তৈরির কোনো বিকল্প নেই।

বুধবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স)-এর নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও শিক্ষা সংস্কারের কথা তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী বলেন, টেক্সটাইল প্রকৌশল মূলত বিজ্ঞানভিত্তিক একটি ক্ষেত্র। তাই এ খাতে আধুনিক গবেষণাগার, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত ল্যাব স্থাপন সময়ের দাবি। টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে উন্নতমানের গবেষণা নিশ্চিত করতে আগামীতে অধিকতর বাজেট বরাদ্দ দেওয়া হবে। এছাড়া বুটেক্সের অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের জন্য জমি বরাদ্দের আবেদনটি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় জমির ব্যবস্থা করা হবে।

দেশের তৈরি পোশাক খাতের বৈশ্বিক অবস্থানের কথা উল্লেখ করে ড. মিলন বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রফতানিকারক দেশ। তবে শুধু বিদেশি ব্র্যান্ডের ওপর নির্ভর না করে দেশের বাজারেও আন্তর্জাতিক মানের ব্র্যান্ড তৈরি করতে হবে এবং এ জন্য দেশীয় উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে হবে। অতীতে দেশের টেক্সটাইল শিল্প ও বায়িং হাউসে বিদেশি নাগরিকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন উল্লেখ করে তিনি বলেন, দেশীয় প্রকৌশলী ও দক্ষ জনশক্তি গড়ে তুলে এই পরনির্ভরশীলতা কমিয়ে আনতে হবে।

শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও সেশনজট নিরসনে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থায় সময়ের অপচয় কমাতে সেশনজট নিরসন অত্যন্ত জরুরি। এসএসসি ১০ বছর, এইচএসসি দুই বছর এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক চার বছরের নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হলে দেশের জনমিতিক সুবিধা (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) কাজে লাগানো সম্ভব হবে না। তিনি আরও জানান, সরকার প্রাথমিক শিক্ষা থেকেই শিক্ষার্থীদের আধুনিক নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে। ২০২৭ সালে পরিমার্জিত এবং ২০২৮ সালে নতুন জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে, যেখানে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

ডিপ্লোমা প্রকৌশলীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের বিষয়ে ড. মিলন বলেন, বর্তমানে ডিপ্লোমাধারীদের উচ্চশিক্ষার সুযোগ সীমিত এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ব্যয় অনেক বেশি। তাই তাদের জন্য দুটি বিশেষায়িত সরকারি কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা করছে সরকার। এছাড়া টেক্সটাইল প্রকৌশলীদের জন্য পৃথক বিসিএস ক্যাডার গঠনের দাবির বিষয়টি যৌক্তিক উল্লেখ করে তিনি এটি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের আশ্বাস দেন।

অনুষ্ঠানে বুটেক্সের শিক্ষার্থীদের সাফল্য তুলে ধরে জানানো হয়, চলতি বছর বিশ্ববিদ্যালয়টির প্রায় ২০ জন শিক্ষার্থী বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। মন্ত্রী শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশন সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026