সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে বনানী থানায় অস্ত্র আইনে করা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৩ ডিসেম্বর পরবর্তী দিন নির্ধারণ করেছেন আদালত। আজ সোমবার (২৬ অক্টোবর) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এলিনা আক্তার এই আদেশ দেন।
বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম (কাইয়ুম) নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার আসামি আনিসুল হককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছিল। এ কারণে অস্ত্র মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
নথি থেকে জানা গেছে, আনিসুল হকের নামে বনানী থানার অধীনে একটি পিস্তলের লাইসেন্স ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে। একই সঙ্গে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে লাইসেন্স করা অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে অভিযোগ অনুযায়ী, আনিসুল হক ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৫ মে পর্যন্ত তার লাইসেন্স করা পিস্তল থানায় জমা দেননি। এ বিষয়ে থানাকেও কোনো তথ্য জানাননি তিনি।
অভিযোগে আরও বলা হয়, তার ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। অস্ত্র জমা দেওয়ার বিষয়েও কোনো তথ্য মেলেনি। আনিসুল হক গুলি কিনেছিলেন, এমন তথ্যও পাওয়া যায়নি বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জানে আলম দুলাল মামলা করেন। পরবর্তীতে ২০২৫ সালের ২৯ আগস্ট একই থানার উপপরিদর্শক মো. ইয়াদুল হক আনিসুল হকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।