ছেলের মাদকাসক্তি ছাড়াতে সৌদি আরবে পাঠিয়েছিলেন, দুবার ভর্তি করেছিলেন নিরাময় কেন্দ্রে। তবু ছেলেকে স্বাভাবিক জীবনে ফেরাতে পারেননি আবদুস সামাদ (৬০)। শেষ পর্যন্ত ছেলের লাঠির আঘাতেই প্রাণ গেল তার। ঘটনার পর থেকে পলাতক ছেলে আনোয়ার হোসেন (৩৫)।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামের বন্নাভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনদের ভাষ্য, নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় বাবাকে তাড়া করেন আনোয়ার। প্রাণ বাঁচাতে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিলেও রক্ষা পাননি সামাদ। সেখানে গিয়ে তাকে লাঠি দিয়ে পেটান আনোয়ার। গুরুতর আহত সামাদকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, ছেলেকে মাদক থেকে ফেরাতে সৌদি আরবে পাঠানো, নিরাময় কেন্দ্রে ভর্তি ও তাবলিগে পাঠানোসহ নানা চেষ্টা করেছিলেন সামাদ। আনোয়ারের বিরুদ্ধে মাদক মামলায় কারাভোগ এবং তিন বছর আগে মাকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগও রয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, আনোয়ারকে গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।