ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন করে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ১০ নভেম্বর বা তার পর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এ আলোচনা শুরু হতে পারে।
বুধবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকের পর ক্রেমলিন এ তথ্য জানিয়েছে। বৈঠকের শুরুতেই সদিচ্ছার নিদর্শন হিসেবে রাশিয়ায় আটক ৭৪ বছর বয়সী অবসরপ্রাপ্ত মার্কিন শিক্ষক স্টিফেন হাবার্ডকে মুক্তি দেওয়া হয়। তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধে দুই বছরের বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধে ওয়াশিংটনের নতুন কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। খবর রয়টার্সের।
ক্রেমলিন জানিয়েছে, সম্ভাব্য ত্রিপক্ষীয় আলোচনা হবে প্রাথমিকভাবে কারিগরি পর্যায়ে। যুদ্ধের পর ইউক্রেন ও রাশিয়ার নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায়, তা নিয়ে আলোচনা হবে সেখানে। এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সর্বশেষ শান্তি আলোচনা হয়েছিল ফেব্রুয়ারিতে।
তবে আলোচনার উদ্যোগ এগোলেও দুই দেশের অবস্থানের মধ্যে বড় ব্যবধান রয়ে গেছে। পুতিনের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ওপর রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ এবং ইউক্রেনের ন্যাটোতে যোগ না দেওয়া। রাশিয়া সাময়িক যুদ্ধবিরতির বদলে সামগ্রিক শান্তিচুক্তির ওপরও জোর দিচ্ছে।
ইউক্রেনের প্রস্তাবে সন্তুষ্ট নয় মস্কো-পুতিনের সঙ্গে বৈঠকের এক দিন আগে নরওয়ের রাজধানী অসলোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফিনল্যান্ড ও নরওয়ের নেতাদের পাশাপাশি ইউরোপীয় ও ন্যাটোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন উইটকফ। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, সেখানে ইউক্রেন নতুন কিছু প্রস্তাব দিয়েছে। আলোচনায় যুদ্ধ-পরবর্তী নিরাপত্তার নিশ্চয়তা, অর্থনৈতিক পুনর্গঠন এবং ইউরোপের বৃহত্তর নিরাপত্তাব্যবস্থা নিয়ে কথা হয়েছে। তবে অসলো আলোচনার ফল নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় মস্কো। ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ বলেন, আলোচনায় উঠে আসা কিছু বিষয় রাশিয়ার প্রত্যাশা পূরণ করেনি।
অন্যদিকে, ট্রাম্প ইউক্রেনকে দ্রুত সমঝোতায় পৌঁছানোর জন্য চাপ দিচ্ছেন। মঙ্গলবার তিনি বলেন, ইউক্রেনকে যুদ্ধ শেষ করার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় দেশটির জন্য ‘খুব খারাপ কিছু’ অপেক্ষা করতে পারে। জেলেনস্কি অবশ্য পুতিন ও ট্রাম্পের সঙ্গে সরাসরি ত্রিপক্ষীয় বৈঠকে যুদ্ধের অবসান ঘটানোর গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চান। তবে ক্রেমলিনের বক্তব্য, পুতিন ও জেলেনস্কির যেকোনো বৈঠক কার্যকর করতে হলে আগে থেকেই বিস্তারিত প্রস্তুতি নিতে হবে।
মুক্তি পেলেন অবসরপ্রাপ্ত মার্কিন শিক্ষক-মুক্তি পাওয়া স্টিফেন হাবার্ড যুক্তরাষ্ট্রের মিশিগানের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক। ২০২২ সালের এপ্রিলে ইউক্রেনের ইজিউম শহর থেকে তাঁকে আটক করা হয়েছিল। রুশ কর্তৃপক্ষের অভিযোগ ছিল, তিনি ইউক্রেনীয় সামরিক বাহিনীর হয়ে ভাড়াটে যোদ্ধা হিসেবে কাজ করছিলেন। এ অভিযোগে তাঁকে ছয় বছর ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে হাবার্ডের পরিবার ও যুক্তরাষ্ট্রভিত্তিক আইনজীবী অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর আইনজীবীর ভাষ্য অনুযায়ী, হাবার্ড দাবি করেছিলেন, তিনি কোনো সামরিক ইউনিটে ছিলেন না এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। পুতিন উইটকফকে জানান, হাবার্ড সেন্ট পিটার্সবার্গের বিমানবন্দরে যুক্তরাষ্ট্রে ফেরার অপেক্ষায় রয়েছেন। হাবার্ডকে মুক্তি দেওয়াকে সদিচ্ছার পদক্ষেপ হিসেবে স্বাগত জানান মার্কিন দূত।
ইরান ও অর্থনৈতিক সহযোগিতার প্রস্তাব- বৈঠকে ইউক্রেন ছাড়াও ইরান এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। ক্রেমলিনের ভাষ্য, পুতিন ইরানের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের সম্পর্ক কাজে লাগিয়ে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা প্রতিষ্ঠায় সহায়তার প্রস্তাব দিয়েছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ নিরসনে একটি চুক্তি সম্ভব বলেও তিনি মন্তব্য করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের কৃষকদের সহায়তায় বিপুল পরিমাণ সার সরবরাহের প্রস্তাব দিয়েছেন পুতিন। আগামী মাসে চীনে ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সম্ভাব্য বৈঠকের বিষয়টিও আলোচনায় এসেছে।
তবে শান্তি আলোচনার নতুন উদ্যোগের মধ্যেও যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে টানাপোড়েন রয়েছে। গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং সামরিক স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা ব্যবহারে বিঘ্নের অভিযোগ তুলেছে কিয়েভ। মার্কিন কর্মকর্তারা অবশ্য ইউক্রেনের স্টারলিংক ব্যবহারের সুযোগ প্রত্যাহার করা হয়নি বলে জানিয়েছেন। নতুন আলোচনা যুদ্ধের অবসানের পথ তৈরি করতে পারে কি না, তা নির্ভর করবে দুই পক্ষের মূল দাবিতে কতটা সমঝোতা সম্ভব হয় তার ওপর। আপাতত আলোচনার সম্ভাবনা তৈরি হলেও স্থায়ী শান্তিচুক্তির বিষয়ে নিশ্চিত কোনো অগ্রগতি হয়নি।
সূত্র: [রয়টার্স।](https://www.reuters.com/world/europe/putin-hosts-trump-envoy-new-ukraine-peace-talks-frees-us-citizen-held-russia-2026-10-21)