নিউজ ডেস্ক: বাংলাদেশের কৃষি ও মৎস্য মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সম্প্রতি এক সেমিনারে জানিয়েছেন, জনগণের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে কীটনাশক আমদানি, বাজারজাতকরণ ও ব্যবহার নিয়ন্ত্রণে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
মন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে কীটনাশকের যথাযথ নিয়ন্ত্রণ অপরিহার্য। দেশে এমন অনেক কীটনাশক আমদানি ও বাজারজাত করা হচ্ছে, যেগুলো বিশ্বের বহু দেশে ব্যবহার করা হয় না।
তিনি আরও উল্লেখ করেন, খাদ্য উৎপাদন বাড়ানো নয়, উৎপাদিত খাদ্যকে নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার কৃষক ও ভোক্তা উভয়ের জন্য উদ্বেগের কারণ।
এছাড়া, কৃষকদের সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণের মাধ্যমে নিরাপদ উৎপাদন পদ্ধতির সম্প্রসারণে সরকার কাজ করছে।
মন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়; কৃষক, উদ্যোক্তা, বিজ্ঞানী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও ভোক্তা-সবাইকে এ ক্ষেত্রে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড এর সেমিনারে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান।