বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ঢাকা মহানগর উত্তরের দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে শফিকুল ইসলাম খানকে আহ্বায়ক এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করা হয়েছে।
আজ রোববার (১ নভেম্বর) রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। আংশিক আহ্বায়ক কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবে।
আংশিক আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন—শফিকুল ইসলাম খান মিল্টন আহ্বায়ক এবং এস এম জাহাঙ্গীর হোসেন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
বর্তমানে শফিকুল ইসলাম খান মিল্টন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এবং এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা–১৮ আসনের সংসদ সদস্য।
গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। এই কমিটির আহ্বায়ক ছিলেন আমিনুল হক এবং সদস্য সচিব ছিলেন মোস্তফা জামান।