ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের কালিয়াকৈরের পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় কোনাবাড়ী এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এর পরপরই সফিপুর, রতনপুর ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকেরা মহাসড়কের দিকে আসতে থাকেন।
শ্রমিকদের অসন্তোষ নিরসনে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকা, সফিপুর, কোনাবাড়ী ও মৌচাক, নাওজোড় ও ভোগড়া বাইপাস এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।