ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তবে কীভাবে যুদ্ধের অবসান ঘটবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। কানসাস সিটির রেডিও স্টেশন কেসিএমওকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটি শিগগিরই শেষ হয়ে যাবে। তবে আমাদের এমন নিশ্চয়তা প্রয়োজন, যাতে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।’ এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র। শুক্রবার (৩০ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল–এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গত কয়েক সপ্তাহে একাধিকবার তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শিগগিরই ইরানে তাদের অভিযান শেষ করবে। তবে এ লক্ষ্য অর্জনে কূটনৈতিক উদ্যোগ নাকি সামরিক পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। পেন্টাগনের হিসাবে, নতুন করে আরও দুই সেনাসদস্যের মৃত্যুর তথ্য যুক্ত হওয়ায় এ সংখ্যা বেড়েছে। যুদ্ধ শুরুর আট মাসেরও বেশি সময় পর এই হালনাগাদ তথ্য প্রকাশ করা হলো। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের ‘ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেম’ (ডিসিএএস) পোর্টালে সম্প্রতি যুক্ত হওয়া দুই মৃত্যুর ঘটনাই যুদ্ধ-বহির্ভূত। পোর্টালের তথ্য অনুযায়ী, যুদ্ধে শত্রুপক্ষের হামলায় প্রাণ হারিয়েছেন ১১ জন সেনাসদস্য। অন্যদিকে দুর্ঘটনা ও অসুস্থতাসহ বিভিন্ন অযুদ্ধজনিত কারণে মারা গেছেন আরও ১২ জন। দ্য ওয়াশিংটন পোস্টকে দেওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি তালিকায় যুক্ত হওয়া দুজনই বিমানবাহিনীর সদস্য। তাদের একজন অসুস্থতায় মারা গেছেন। অন্যজনের মৃত্যুর কারণ এখনো নির্দিষ্ট করা হয়নি; বিষয়টি তদন্তাধীন।