1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল: প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, দিলেন সহযোগিতার আশ্বাস চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত এসএসসিতে অকৃতকার্যদের জন্য আসছে প্রধানমন্ত্রীর নতুন পলিসি : মাহদী আমিন টঙ্গীতে বাণিজ্যিক কার্যক্রম শুরু করল বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ভয়াবহ ক্ষতির শঙ্কা সুন্দরগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত নানা কর্মসূচি, সিভাসুতে বিশ্ব ডিম দিবস উদযাপন বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষমূলক বার্তার শিকার আর্জেন্টিনা, জানাল ফিফা ইবিতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এআই ভিত্তিক সেমিনার তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

টঙ্গীতে বাণিজ্যিক কার্যক্রম শুরু করল বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর অধীনস্থ প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেড’-এর আধুনিকায়ন ও নতুন আঙ্গিকে নির্মিত কারখানার বাণিজ্যিক কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে টঙ্গী শিল্প এলাকায় ফ্যাক্টরি প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাজনৈতিক উপদেষ্টা, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত মহাসচিব জনাব মো. রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে শিল্প মন্ত্রণালয়ের সচিব জনাব আব্দুন নাসের খানের পক্ষে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. রাশিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান জনাব আব্দুল খালেক।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত দায়িত্ব পালনকালে দেশের অর্থনীতিতে বহুমুখী পরিবর্তন আনয়ন করেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে একটি ব্লেড ফ্যাক্টরি স্থাপনের জন্য ১৯৭৯ সালে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ‘উইলকিনসন সর্ড কোম্পানি’-র সঙ্গে বিএসইসি-র চুক্তির মাধ্যমে টঙ্গীর ০.৮৯ একর জমির ওপর বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেড স্থাপনের সূচনা ঘটে। ১৯৮৫ সালে কারখানাটির বাণিজ্যিক উৎপাদন শুরু হয় এবং ১৯৮৬ সালে এটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হয়।

দীর্ঘদিন পর ২০১৮ সালে কারখানার পুরনো যন্ত্রপাতি সংস্কার, আধুনিকায়ন এবং নতুন পণ্য হিসেবে ডিসপোজেবল রেজর সংযোজনের লক্ষ্যে ৫২ কোটি ২০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে একটি নতুন প্রকল্প গ্রহণ করা হয়। পরবর্তীতে ৫২ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ সফলভাবে সমাপ্ত হয়।

প্রকল্পের আওতায় পুরনো যন্ত্রপাতি আধুনিকায়নের ফলে ঐতিহ্যবাহী ‘সর্ড ডাবল এজ রেজর ব্লেড’-এর গুণগত মান উন্নত করা হয়েছে। পাশাপাশি বর্তমানে ‘সর্ড প্রিমিয়াম’, ‘সর্ড স্মার্ট টু’ এবং ‘সর্ড স্মার্ট থ্রি’ নামে নতুন তিন ধরনের ডিসপোজেবল রেজর উৎপাদন ও বাজারজাতকরণ শুরু হয়েছে।

কারখানায় বছরে ৮ কোটি পিস ডাবল এজ রেজর ব্লেড এবং ১ কোটি পিস ডিসপোজেবল রেজর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা দেশের মোট চাহিদার প্রায় ৫ থেকে ৬ শতাংশ পূরণ করবে। বাজারের চাহিদা বৃদ্ধি পেলে শিফটিং পদ্ধতিতে উৎপাদন সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের ডিসপোজেবল রেজর উৎপাদনের পরিকল্পনা রয়েছে। ‘সর্ড’ ব্র্যান্ডের ঐতিহ্য ফিরিয়ে আনতে বিজ্ঞাপন প্রচার, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন এবং জেলা পর্যায়ে ডিলার নিয়োগের মাধ্যমে বাজারজাতকরণ জোরদার করা হবে। এছাড়া ভবিষ্যতে বিদেশেও ব্লেড ও রেজর রপ্তানির পরিকল্পনা রয়েছে।

কারখানার পূর্ণ উৎপাদন সক্ষমতা ব্যবহৃত হলে দেশীয় বাজারে আমদানি বিকল্প পণ্য সরবরাহের সুযোগ বাড়বে, প্রতিযোগিতামূলক বাজার তৈরি হবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের মাধ্যমে দেশের শিল্প ও অর্থনীতিতে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বিজ্ঞপ্তিতে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026