1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল, জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

রাশিয়ার ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তের পক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি আবারও ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে অভিযোগ করেছেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধ করতে চান না। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আলজাজিরা জানায়, রোববার (১৮ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, রাশিয়ার বিষয়ে আমার সিদ্ধান্ত খুবই সহজ। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা চালাচ্ছি আমি। এমন কিছু করতে চাই না, যাতে রাশিয়াকে আলোচনার টেবিল থেকে দূরে ঠেলে দেওয়া হয়। নিষেধাজ্ঞা শিথিলের এই সিদ্ধান্ত নিয়ে গত এক সপ্তাহে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে বড় ধরনের কূটনৈতিক বিরোধ দেখা দিয়েছে। ২০২২ সালে ইউক্রেনে বড় পরিসরে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর পর থেকে দেশটির ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে আসছে পশ্চিমা দেশগুলো। রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন জেলেনস্কি। তার মতে, এতে ইউক্রেনের ক্ষতি হবে। রোববার (১৮ অক্টোবর) মার্কিন টেলিভিশন এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, নিষেধাজ্ঞা তুলে নিলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা বাড়বে। জেলেনস্কি বলেন, ‘আমার সঙ্গে পুতিনের তুলনা করা যায় না। তিনি আগ্রাসনকারী। তিনি আমাদের ভূখণ্ড দখল করেছেন। তার সেনারা প্রাপ্তবয়স্ক মানুষ ও শিশুদের হত্যা করেছে। তিনি একজন সন্ত্রাসী। এ কারণে আমি আশা করি, প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে নিজের অবস্থান খুব স্পষ্টভাবে জানাবেন।’ অন্যদিকে, জেলেনস্কি যুদ্ধ বন্ধ করতে চান না বলে আগের অভিযোগ আবারও করেছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি দাবি করেন, ইউক্রেন রাশিয়ার ডিজেল শোধনাগারগুলোতে হামলা চালাচ্ছে। এতে বিশ্ববাজারে ডিজেলের সরবরাহ ও দামে বড় প্রভাব পড়তে পারে, তা জেনেও কিয়েভ এসব হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ট্রাম্প লেখেন, জেলেনস্কির এতে কিছু যায় আসে না। সত্যি বলতে, ইউরোপ যে বিপুল পরিমাণ অর্থ তাকে দিচ্ছে, তা সবারই জানা। তারপরও তিনি এই যুদ্ধ শেষ করতে চান না। সম্ভবত তিনি কখনোই তা চাননি।’ গত ৯ অক্টোবর ট্রাম্প ঘোষণা দেন, জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে রাশিয়া যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে তিন লাখ মেট্রিক টনের বেশি ডিজেল সরবরাহ করবে। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর জ্বালানির দাম বেড়ে যায়। এ পরিস্থিতি সামাল দিতে রাশিয়া থেকে ডিজেল সরবরাহের পরিকল্পনা করেন ট্রাম্প। যুদ্ধ শুরুর পর তেহরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। যুদ্ধের আগে বিশ্বের মোট জ্বালানি রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে তার কথা হয়েছে। দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে নিয়মিত যোগাযোগের অংশ হিসেবে এ আলোচনা হয়। এর লক্ষ্য কূটনৈতিক আলোচনার পরবর্তী পদক্ষেপ ঠিক করা। জেলেনস্কি লেখেন, ‘এটি বাস্তবায়ন করতে আমরা আমাদের দিক থেকে সবকিছু করছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান যেন শক্তিশালী থাকে এবং শান্তি প্রতিষ্ঠার পথ আরো সহজ হয়, তা নিশ্চিত করার চেষ্টা করছি। গত সাড়ে চার বছর ধরে রাশিয়া ছাড়া বাকি সবাই যে শান্তির অপেক্ষায় রয়েছে, সেই শান্তি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026