পবিত্র নগরী মদিনার মসজিদে নববীতে গত সেপ্টেম্বর মাসে রেকর্ড ২ কোটি ১৬ লাখ ১৫ হাজার ৯৭৭ জন মুসল্লি ও দর্শনার্থীর সমাগম ঘটেছে। সৌদি আরবের ‘দুটি পবিত্র মসজিদের সেবা ও তত্ত্বাবধানবিষয়ক জেনারেল অথরিটি’ এ তথ্য নিশ্চিত করেছে।
সোমবার (১৯ অক্টোবর) সৌদি গেজেট এ খবর জানায়।
সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর মাসে মসজিদ নববীর পবিত্র অংশ ‘রিয়াজুল জান্নাহর’ (আল-রওজা আল-শরিফা) মোট ১৪ লাখ ৪৯ হাজার ৭৯১ জন মুসল্লি নামাজ আদায় করেছেন। এ সময় পথনির্দেশনা সেবা গ্রহণ করেছেন ৩ লাখ ৫৫ হাজার ১৩০ জন দর্শনার্থী এবং অতিথি সেবা কেন্দ্রের সহায়তা নিয়েছেন ২ লাখ ৮৭ হাজার ৮৮৬ জন।
দর্শনার্থীদের জ্ঞান বৃদ্ধির সহায়তার অংশ হিসেবে ৮১ হাজার ২৪৩ জন দর্শনার্থী মসজিদ নববীর লাইব্রেরি পরিদর্শনের সুযোগ পান। এছাড়া মসজিদ নববীর বৈচিত্র্যময় প্রদর্শনীগুলো ঘুরে দেখেছেন ১ লাখ ৩৭ হাজার ৮৬৭ জন দর্শনার্থী।
জেনারেল অথরিটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, এই বিশাল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি তাদের সেবার উচ্চমান এবং নিরলস প্রচেষ্টারই প্রতিফলন। পবিত্র মসজিদ নববীতে প্রবীণ ও নবীন মুসল্লিদের সুশৃঙ্খল, শান্ত ও প্রশান্ত পরিবেশে নামাজ আদায় নিশ্চিত করতে এবং তাদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে এই মানসম্মত সেবা অব্যাহত রয়েছে।