দেশে বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রে পলাতক স্বৈরাচার ও নির্বাচনের আগে জনগণের কাছে বিভিন্ন টিকিট বিক্রির চেষ্টা করা একটি পক্ষ এক হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে গোয়েন্দা তথ্য থাকার কথা জানিয়ে দেশবাসীকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার রাজশাহীতে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের কয়েকটি স্থানে কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির চেষ্টা হয়েছে। পলাতক স্বৈরাচার দেশের বাইরে থেকে অর্থ সরবরাহ করছে, আর দেশের ভেতরে আরেকটি পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে।
তারেক রহমান বলেন, ‘একদল জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত, অন্যরা নির্বাচনের আগে জনগণের কাছে মিথ্যা বলে বিভিন্ন টিকিট বিক্রি করতে চেয়েছে। এখন দুই পক্ষ এক হয়েছে। একজন পয়সা দিচ্ছে সীমান্তের ওপার থেকে, আরেকজন এখানে বসে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে।’
প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। এ জন্য দেশবাসীকে সচেতন থাকতে হবে, যাতে কেউ আর বিশৃঙ্খলা তৈরি করতে না পারে।
বন্ধ কলকারখানা চালুর বিষয়ে সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, গত সাত মাসে রাজশাহীতে ছয়টি কলকারখানা চালু করা হয়েছে। আগামী ১২ মাসে সারা দেশে আরও প্রায় ৪৬টি বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর লক্ষ্য বেকার শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
প্রধানমন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালের শয্যাসংখ্যা ৫০ থেকে ১০০টিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব হাসপাতালে শিশু ও নারীদের জন্য পৃথক শয্যার পাশাপাশি কিডনি রোগীদের ডায়ালিসিস সুবিধা নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হবে।