প্রবাস ডেস্ক
কানাডার ক্যালগেরিতে বিশ্বের বিভিন্ন দেশের সক্রিয় অংশগ্রহণে চার দিনব্যাপী অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক বহুসাংস্কৃতিক উৎসব ‘গ্লোবাল ফেস্ট’ ২০২৬। ঐতিহ্যবাহী এই উৎসবে বাংলাদেশ প্যাভিলিয়ন নিয়ে অংশ নেয় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বিসিসি’। উৎসবে দেশের সমৃদ্ধ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরেন প্রবাসী বাংলাদেশিরা, যা বিভিন্ন ভাষাভাষী ও সংস্কৃতির মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও আকর্ষণ সৃষ্টি করে।
উৎসবের প্রতিদিন বাংলাদেশ প্যাভিলিয়নে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। চার দিনব্যাপী এই আয়োজনে নাচ, গান ও নানা পরিবেশনার মধ্য দিয়ে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি উপস্থাপন করা হয়। এতে প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বিশেষভাবে লক্ষণীয়, যা ভিন্দেশে নিজেদের শেকড়ের প্রতি নতুন প্রজন্মের অনুরাগ ফুটিয়ে তোলে। আতশবাজি, বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা এবং সুরের মূর্ছনায় মুখরিত ক্যালগেরির এই বহুসংস্কৃতির মিলনমেলা আন্তর্জাতিক অঙ্গনে এক ভিন্নমাত্রার সংযোগ তৈরি করে।
বহুজাতিক সম্প্রদায়ের বৈচিত্র্য সমর্থন, ভিন্ন সংস্কৃতির প্রতি পারস্পরিক সম্মান প্রদর্শন এবং সমতার মূল্যবোধ প্রচারের উদ্দেশ্যে প্রতিবছর গ্লোবাল ফেস্টের আয়োজন করা হয়। কানাডার অন্যতম বৃহৎ এই লোকজ উৎসবে বাংলাদেশের অংশগ্রহণ দেশের ইতিবাচক ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সুদৃঢ় করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। লাল-সবুজের পতাকা ও নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বমঞ্চে তুলে ধরতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকরা। তাদের মতে, প্রবাসে বেড়ে ওঠা তরুণ প্রজন্মের মাঝে দেশের প্রতি ভালোবাসা ও মমত্ববোধ সৃষ্টির পাশাপাশি এই ধরনের আন্তর্জাতিক উৎসব বাংলাদেশ ও কানাডার জনগণের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধনকে আরও মজবুত করবে। ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক কূটনীতি ও আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।