জাতীয় ডেস্ক
উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রে কোনো ধরনের বিভাজন বা গ্রুপিং রাখা যাবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, সরকার যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করেছে, তার সুফল যথাযথভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এক্ষেত্রে ব্যক্তি পছন্দ বা অপছন্দের বিষয়টি মুখ্য নয়। যিনি উন্নয়ন করবেন, তাকেই স্বাগত জানাতে হবে। উন্নয়নকে পাশ কাটিয়ে বা অবমূল্যায়ন করে সামনে এগোনো সম্ভব নয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১টায় বিশ্বনাথ উপজেলা পরিষদ মাঠে ‘ইউএই এইড’-এর সৌজন্যে উপকারভোগীদের মাঝে খাদ্যসামগ্রী (ফুডপ্যাক) বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, বিএনপি নেতা জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুমেল আলী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আমির আলী এবং জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো দেশের সার্বিক উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা। দলমত নির্বিশেষে দেশের স্বার্থে এবং জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও আন্তর্জাতিক সহায়তামূলক কার্যক্রমগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্য পর্ব শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আনুষ্ঠানিকভাবে উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত ৭৫০ জন দুস্থ ও অসহায় উপকারভোগীর মাঝে ফুডপ্যাক বিতরণ করেন। বিশ্বনাথ উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।