1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

সুনেরাহকে চেনার পর নেওয়া হয়নি বিল, ইতালিতে অভিনেত্রীর সঙ্গে আরও যা ঘটল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

প্রথমবারের মতো ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি। বাংলাদেশের সিনেমার প্রতিনিধিত্ব করতে ইতালিতে গিয়ে বেশ কিছু স্মরণীয় অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী। এর মধ্যে ভেনিস বিমানবন্দরে তাকে চিনে বিল না নেওয়া এবং বাংলাদেশি পোশাকের প্রশংসা পাওয়ার ঘটনা বিশেষভাবে মনে ধরেছে তার।

গত ৫ আগস্ট ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালির ভেনিস বিমানবন্দরে পৌঁছান সুনেরাহ। পরদিন ছিল সিনেমাটির প্রিমিয়ার। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি শেষে বিমানবন্দরে ড্রিংকস ও কফি নিয়ে কিছুটা সময় কাটান তিনি। এরপর বিল দিতে গিয়ে ঘটে অপ্রত্যাশিত এক ঘটনা।

সুনেরাহ বলেন, ‘আমি কফিসহ আরও এটা-ওটা খেয়ে স্বাভাবিকভাবেই বিল দিতে যাব। হঠাৎ দেখি বিল নিচ্ছেন না। তাদের কথায় বুঝতে পারলাম বিল লাগবে না। আমি তো অবাক, কেন লাগবে না! পরে সেখানকার একজন বলছিলেন, “আমি আপনাকে চিনি। আমি আপনার অভিনীত নাটক, সিনেমা দেখেছি। আমিও বাংলাদেশি। এই বিলটা আপনি না দিলেই খুশি হব।” পরে তো তারা বিল নিলেন না। এ ঘটনায় আমি আসলে অভিভূত। আমি সম্মানিত বোধ করেছি।’

ভেনিস চলচ্চিত্র উৎসবে যাওয়ার অন্যতম উদ্দেশ্য ছিল সিনেমার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতিকেও তুলে ধরা। সে অনুযায়ী নিজের পোশাকের নকশায় দেশীয় ভাবনা রেখেছিলেন সুনেরাহ। উৎসবে সেই পোশাক নিয়েও বিদেশিদের কাছ থেকে প্রশংসা পেয়েছেন তিনি।

সুনেরাহ বলেন, ‘আমরা আসলে দেশের কোনো কিছুকে অনেক সময় গুরুত্ব দিতে চাই না। অথচ আমার সব পোশাক দেশ থেকে বানানো। এই ডিজাইনগুলো উৎসবের অনেক বিদেশি প্রশংসা করেছেন। অনেকেই জিজ্ঞাসা করেছেন, আমি এটা কোথা থেকে বানিয়েছি। তারা বিশ্বাসই করতে চাননি দেশের তৈরি।’

তিনি আরও বলেন, ‘পোশাক নিয়ে উৎসবে যেমন ভালো অভিজ্ঞতা হয়েছে, আবার যখন আমাদের প্রিমিয়ারের পরে পার্টি ছিল, সেখানেও সবাই আমার পোশাকের ডিজাইন দেখে অভিভূত। কোনোভাবেই বিশ্বাস করাতে পারিনি এগুলো বাংলাদেশের তৈরি। বাংলাদেশের কাজের এই প্রশংসা আমার কাছে অনেক সম্মানের মনে হয়েছে।’

এবারের ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসরের প্রতিযোগিতামূলক বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা। মর্যাদাপূর্ণ এই উৎসবের অরিজোন্তি বিভাগে ৬ সেপ্টেম্বর ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর প্রিমিয়ার হয়।

বিয়ে, মেকআপ ও একটি বিউটি পারলারকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটির গল্প। মনস্তাত্ত্বিক হরর ঘরানার এই সিনেমায় বিয়ের সাজের প্রস্তুতি নিতে নিতে সৌন্দর্য, শরীর, বিশ্বাস, স্মৃতি ও ভয়কে ঘিরে এক অস্বস্তিকর ও রহস্যময় জগতের সঙ্গে জড়িয়ে পড়ে একটি মেয়ে।

প্রিমিয়ারের পর নিজের অভিজ্ঞতা জানিয়ে সুনেরাহ্ বলেন, ‘আমার তো সিনেমায় উপস্থিতি কিছুটা কম সময়ের। এই অংশটুকুই দেখি অনেক দর্শক মনে রেখেছেন। প্রিমিয়ারের পরে সবাই আমাকে সেই চরিত্রের কথা বলে ডাকছেন। এটাও আমাকে বেশ অবাক করেছে।’

বাংলাদেশের সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহও তাকে মুগ্ধ করেছে। সুনেরাহ বলেন, ‘আমার দারুণ অভিজ্ঞতা হয়েছে প্রিমিয়ারের পরে। সবাই বাংলাদেশের সিনেমা নিয়ে কথা বলছে। আমাদের সিনেমা বেশির ভাগ দর্শক ও সমালোচকই দেখেননি। তারা বাংলাদেশের সিনেমার খোঁজ নিচ্ছিলেন। আমাকে অনেক দর্শকই বলেছেন, “তোমরা ভালো সিনেমা বানিয়েছ। তোমাদের সিনেমা আরও দেখতে চাই।”’

ভেনিস থেকে পোল্যান্ড যাওয়ার সময়ও ব্যতিক্রমী অভিজ্ঞতার মুখোমুখি হন সুনেরাহ। তিনি বলেন, ‘আমি তো প্রিমিয়ারের পরে পোল্যান্ডে এসেছি। বিমানবন্দরে আমি অভিনেত্রী, ভেনিসে এসেছি শোনার পরে তারা আমাকে অনেক সম্মান জানিয়েছে। একই সঙ্গে সিটটাও পরিবর্তন করে দিয়েছিল। এগুলো অভিনেত্রী হিসেবে আমার প্রাপ্তির খাতা ভারী করল।’

আগামী ১২ সেপ্টেম্বর ভেনিস চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’র শেষ আয়োজনে অংশ নেবেন সুনেরাহ। এরপর দেশে ফেরার কথা রয়েছে তার।

সিনেমাটি নিয়ে পুরস্কারের আশাও করছেন এই অভিনেত্রী। সুনেরাহ বলেন, ‘সবার এত প্রশংসা, মনে হচ্ছে আমাদের সিনেমাটি পুরস্কার পেতে পারে। সেই অপেক্ষায় আছি।’

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ পরিচালনা করেছেন রুবাইয়াত হোসেন। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম চৌধুরী। আরও অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026