আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেতে যাচ্ছেন চীনের অর্থ মন্ত্রণালয়ের বর্তমান উপমন্ত্রী মিন লিয়াও। আগামী ১ ডিসেম্বর থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করবেন। সংস্থাটির বর্তমান উপ-ব্যবস্থাপনা পরিচালক বো লির মেয়াদ শেষ হবে ৩০ নভেম্বর।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আইএমএফের প্রধান কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এক ঘোষণায় মিন লিয়াওকে নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের প্রস্তাবের কথা জানান।
আইএমএফের তথ্য অনুযায়ী, মিন লিয়াও ২০১৮ সালের মে মাস থেকে চীনের অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২৩ সাল পর্যন্ত তিনি দেশটির কেন্দ্রীয় আর্থিক ও অর্থনৈতিক বিষয়ক কমিশনের কার্যালয়ে উপমন্ত্রী পদে ছিলেন। ২০২৩ সাল থেকে চীনের মুদ্রানীতি কমিটির সদস্য হিসেবেও কাজ করছেন তিনি।
লিয়াওর পেশাগত জীবনের শুরু হয় পিপলস ব্যাংক অব চায়না, চায়না এভারব্রাইট গ্রুপ ও ব্যাংক অব চায়নায় কাজের মধ্য দিয়ে। পরে তিনি চায়না ব্যাংকিং রেগুলেটরি কমিশনের সাধারণ কার্যালয়ের মহাপরিচালক এবং সাংহাই ব্যাংকিং রেগুলেটরি ব্যুরোর মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক অর্থনীতি ব্যুরোর মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি।
ব্যাংকিং, আর্থিক নিয়ন্ত্রণ, সামষ্টিক অর্থনৈতিক নীতি এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাপনা নিয়ে লিয়াওর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয় এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আর্থিক ও বাণিজ্য সহযোগিতার ক্ষেত্রেও তিনি যুক্ত। শিক্ষাজীবনে পিকিং বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।
এদিকে বিদায়ী উপ-ব্যবস্থাপনা পরিচালক বো লির অবদানের প্রশংসা করেছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি বলেন, ২০২১ সালের আগস্টে সংস্থাটির জ্যেষ্ঠ ব্যবস্থাপনা দলে যোগ দেওয়ার পর থেকে বো লি সহকর্মী ও বন্ধু হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেন। বৈশ্বিক অর্থনীতির কঠিন সময়ে তাঁর বিচারবুদ্ধি, বিশ্লেষণী দক্ষতা ও শান্ত-সহমর্মী নেতৃত্ব আইএমএফকে দিকনির্দেশনা দিয়েছে।
জর্জিয়েভার ভাষ্য অনুযায়ী, দায়িত্ব পালনকালে প্রায় ৯০টি সদস্য দেশের জন্য আইএমএফের নীতিগত কার্যক্রম তদারক করেছেন বো লি। তিনি সংস্থাটির প্রথম প্রাতিষ্ঠানিক ঝুঁকি ব্যবস্থাপনা নীতি ও রোডম্যাপ প্রণয়ন এবং তথ্য ব্যবস্থাপনা কাঠামো আধুনিকায়নে নেতৃত্ব দেন। ডিজিটাল মুদ্রা, আন্তসীমান্ত লেনদেন ব্যবস্থা ও স্টেবলকয়েনের নিয়ন্ত্রণ নিয়ে কাজ করার পাশাপাশি ক্ষুদ্র উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে আইএমএফের সম্পৃক্ততা বাড়ানো, ঋণ পুনর্গঠন এবং সুশাসন ও দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমেও ভূমিকা রাখেন তিনি। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তাকে নজরদারি, ঋণদান ও সক্ষমতা বৃদ্ধির কাজে যুক্ত করার উদ্যোগও নেন বো লি।
বিদায়ী এই কর্মকর্তার অবদানের কথা স্মরণ করে জর্জিয়েভা বলেন, বো লি আইএমএফে স্থায়ী অবদান রেখে গেছেন। তাঁর বন্ধুত্ব, পরামর্শ এবং সদস্য দেশগুলোর প্রতি নিষ্ঠার জন্য তিনি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ।
নতুন নিয়োগের বিষয়ে জর্জিয়েভা বলেন, ব্যাংকিং, আর্থিক নিয়ন্ত্রণ ও সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে মিন লিয়াওয়ের। অভ্যন্তরীণ সংস্কার এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা আইএমএফ ও সদস্য দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে বলে তিনি উল্লেখ করেন।