1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম দিন ৩ উইকেটে ২১৩ রান করা স্বাগতিকরা দ্বিতীয় দিনে বাকি ৭ উইকেট হারিয়েছে মাত্র ৫৯ রান যোগ করতেই। শেষ ১০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বড় ধসের মুখে পড়ে টাইগাররা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দ্বিতীয় দিনের শুরুতে সেঞ্চুরি তুলে নেন আগের দিন ৯৯ রানে অপরাজিত থাকা সাদমান ইসলাম। ২২০ বলে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতক পূর্ণ করেন এই বাঁহাতি ব্যাটার। তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট অভিষেক হওয়া স্পিনার জশুয়া বিশপের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন সাদমান। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি।

২৩৪ বলে ১১টি চারে ১০৫ রান করে থামে সাদমানের ইনিংস। ২০২৫ সালের এপ্রিলের পর টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন তিনি। তার বিদায়ের পরপরই সাজঘরে ফেরেন তাওহীদ হৃদয়। আগের দিন ক্র্যাম্পের কারণে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। দ্বিতীয় দিনে আর কোনো রান যোগ করতে পারেননি এই ব্যাটার। ৪২ রান করে বিশপের বলে বোল্ড হন হৃদয়।

এরপর বাংলাদেশের ইনিংস দ্রুত গুটিয়ে যেতে থাকে। লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের জুটি থেকে আসে ৩২ রান। ১৫ রান করে ওয়ারিকানের বলে বোল্ড হন মিরাজ। নতুন বল হাতে পেয়ে ক্যারিবীয় পেসাররা বাংলাদেশের ব্যাটারদের ওপর চাপ বাড়ান।

শামার জোসেফের ঘণ্টায় ১৪১.২ কিলোমিটার গতির বলে স্লিপে ক্যাচ দিয়ে ৫ রান করে ফেরেন নাঈম হাসান। এরপর লিটন সিঙ্গেল নিয়ে হাসান মাহমুদকে স্ট্রাইকে পাঠালেও লাভ হয়নি। ৬ রান করে জোসেফের বলে ক্যাচ দেন হাসান মাহমুদ। পরে ওয়ারিকানের বলে কানা লাগিয়ে ক্যাচ দিয়ে ফেরেন তাইজুল ইসলাম। শেষ ব্যাটার শরিফুল ইসলামও পরের বলেই এলবিডব্লিউ হলে ২৭২ রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে সবচেয়ে সফল ওয়ারিকান। তিনি টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। শামার জোসেফ ও জশুয়া বিশপ পেয়েছেন দুটি করে উইকেট।

প্রথম দিন আলোর স্বল্পতায় মাত্র ৭৪ ওভার খেলা হলেও সাদমানের সেঞ্চুরিতে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতেই দ্রুত উইকেট হারিয়ে বড় সংগ্রহের সম্ভাবনা হাতছাড়া করে স্বাগতিকরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026