1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কেন্দ্রীয় ব্যাংকের ‘উদ্যোগ’: উদ্যোক্তা তৈরির কর্মসূচি ছড়াচ্ছে দেশজুড়ে বাংলাদেশ রেলওয়ে: রেলে ইঞ্জিন সংকট আরও প্রকট বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে বিশেষ চিকিৎসাসেবা, চালু হলো ‘গ্রিন চ্যানেল’ ‘পরিবর্তনের জন্য সিআইএর সঙ্গে কাজ করুন’, কিউবার নাগরিকদের বললেন রুবিও ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলার প্রশিক্ষণ পরিকল্পনা’ কিমের বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েলসকে রুখে দিয়েছে বাংলাদেশ জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইইউর ডেনিম বাজারে শীর্ষে বাংলাদেশ, ৮ মাসে রপ্তানি কমেছে ফুটবল ইতিহাসে কীভাবে স্মরণীয় হয়ে থাকতে চান মেসি জাতিসংঘ সংস্কারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন হুমায়ুন কবির

কেন্দ্রীয় ব্যাংকের ‘উদ্যোগ’: উদ্যোক্তা তৈরির কর্মসূচি ছড়াচ্ছে দেশজুড়ে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

• প্রথম পর্যায়ে ৬৪০ উদ্যোক্তা বাছাইয়ে আট জেলা থেকে ১৮,৪৪৪ আবেদন জমা।

• দ্বিতীয় ধাপে বাকি ৫৬ জেলায়ও আবেদন শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে।

• দেশজুড়ে সম্প্রসারণের মাধ্যমে প্রতিবছর ৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্য।

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সম্ভাবনাময় ব্যবসায়িক উদ্যোগে অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নেওয়া ‘উদ্যোগ’ কর্মসূচি এবার দেশজুড়ে বাস্তবায়নের পথে এগোচ্ছে। কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে ৮ জেলার ৬৪টি উপজেলা থেকে ৬৪০ জন উদ্যোক্তা নির্বাচনের পরিকল্পনা রয়েছে। পরে দেশজুড়ে সম্প্রসারণের মাধ্যমে প্রতিবছর ৫ হাজার তরুণকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষ্য রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। তাদের প্রত্যাশা, প্রতিটি সফল ক্ষুদ্র উদ্যোগ গড়ে তিন থেকে পাঁচজনের কর্মসংস্থান সৃষ্টি করবে।

এই লক্ষ্য বাস্তবায়নের প্রক্রিয়ায় প্রথম ধাপে ৮ জেলার ৬৪ উপজেলায় ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। আবেদন গ্রহণের এই ধাপ শেষ হওয়ার পর আগামী ১ নভেম্বর থেকে দেশের বাকি ৫৬ জেলায় শুরু হবে আবেদন গ্রহণ। এর মধ্য দিয়ে কর্মসূচিটির পরিধি বাড়ানোর পাশাপাশি আরও বেশি তরুণকে উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দেওয়ার উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে এই লক্ষ্য সামনে রেখে বাংলাদেশ ব্যাংক চলতি বছরের ৩ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে কর্মসূচিটির বিস্তারিত তুলে ধরেছিল। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান কর্মসূচির লক্ষ্য, অর্থায়ন ও প্রশিক্ষণের বিষয়গুলো জানান। এরপর গত ১৩ সেপ্টেম্বর উদ্যোগ কর্মসূচির নীতিমালা জারি করা হয়। এরপরই কর্মসূচির প্রথম ধাপে ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত নির্ধারিত আট জেলার সব উপজেলার তফসিলি ব্যাংকের শাখার মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথম ধাপে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে নেত্রকোনা জেলায়। এই জেলায় আবেদন করেছেন ৫ হাজার ৩৫১ জন। দ্বিতীয় অবস্থানে থাকা রংপুরে আবেদন জমা পড়েছে ২ হাজার ৭৪৫টি। এ ছাড়া নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১, হবিগঞ্জে ১ হাজার ৫৫২, ভোলায় ১ হাজার ৫৪৫, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩ এবং ফেনীতে ১ হাজার ২৬১টি আবেদন জমা হয়েছে।

এবার দ্বিতীয় ধাপে ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশের অবশিষ্ট ৫৬ জেলার তরুণ উদ্যোক্তারা আবেদন করতে পারবেন। ফলে প্রথম ধাপের বাইরে থাকা জেলাগুলোর আগ্রহী তরুণেরাও নিজেদের ব্যবসায়িক উদ্যোগ নিয়ে কর্মসূচির আওতায় আসার সুযোগ পাবেন।

নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিয়ে তরুণেরা তাঁদের ব্যবসায়িক পরিকল্পনা ও উদ্যোগের বিষয়ে প্রস্তাব উপস্থাপন করতে পারবেন।

কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং বাকি ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়ার সুযোগ রয়েছে। ঋণের সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে গ্রাহক পর্যায়ে ৪ থেকে ৭ শতাংশ। এ ছাড়া সহায়ক জামানত ছাড়াই ঋণ পাওয়ার সুযোগ থাকছে।

বাংলাদেশ ব্যাংকের এই কর্মসূচির মূল লক্ষ্য তৃণমূল পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা চিহ্নিত করা এবং তাঁদের ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে অর্থায়নের সুযোগ তৈরি করা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026