আমেরিকানরা কখনো তার ওপর বিরক্ত হয়ে পড়লে তিনি ইসরায়েলে চলে যাবেন এবং দেশটির প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৩ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচনের দিন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, 'ইসরায়েলে আমার প্রতি সমর্থনের হার ৯৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের মানুষ আমার ওপর বিরক্ত হয়ে পড়লে আমি ইসরায়েল চলে যাব এবং দেশটির প্রধানমন্ত্রী হব।'
একই সাক্ষাৎকারে তিনি আরও জানান, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার একটি সমঝোতা হয়েছে। এর আওতায় চলতি বছরের শেষের পর থেকে ইসরায়েলকে ৪ বিলিয়ন ডলারের সহায়তা দেওয়া বন্ধ করবে ওয়াশিংটন।
ট্রাম্পের ভাষ্যমতে, ইসরায়েলের এখন আর এই সহায়তার প্রয়োজন নেই। এ ছাড়া কিছু ডেমোক্র্যাট ও বামপন্থী রাজনীতিবিদ ইসরায়েলকে দেওয়া এই অর্থকে রিপাবলিকানদের সমালোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।
তিনি বলেন, 'ইসরায়েলকে অর্থ সহায়তা দেওয়ার বিষয়ে নেতানিয়াহু ও আমি একটি সমঝোতায় পৌঁছেছি। আমরা ইসরায়েলকে বছরে ৪ বিলিয়ন ডলার দিয়ে থাকি। কয়েক মাস আগে আমরা এই সহায়তা বন্ধ করার বিষয়ে সমঝোতা করেছি।'
ট্রাম্প আরও বলেন, 'আমরা ইতোমধ্যে একমত হয়েছি যে চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে আর অর্থ দেওয়া হবে না। তবে ইসরায়েলের প্রয়োজন হলে আমরা সহায়তা করব।'
এদিকে মঙ্গলবার দিনভর ভোট গ্রহণের পর যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনে প্রথম দফায় ভোট গণনা শুরু হয়েছে। এ নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে থাকবে, নাকি ডেমোক্র্যাটরা আবার ক্ষমতায় ফিরবে।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.