স্বর্ণের প্রকৃত উৎস, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা, সম্ভাব্য চোরাচালান চক্র এবং আন্তর্জাতিক যোগাযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে, বলেছে সিআইআইডি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয়টি ‘সোনার ডিম’ জব্দ করার তথ্য দিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
রোববার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিগামী একটি ফ্লাইটের এক যাত্রীর নামিয়ে এনে তার সহযোগিতায় প্রথমে তিনটি ‘সোনার ডিম’ জব্দ করা হয়। পরে বিমানবন্দরের বোডিং ব্রিজ থেকে আরও তিনটি ‘সোনার ডিম’ উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সিআইআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়ে বলা হয়েছে, আবুধাবি থেকে এসব ‘সোনার ডিম’ দেশে আনা হয়েছিল। কিন্তু এখানে ‘কাঙ্ক্ষিত দাম’ না পেয়ে আবার ফেরত নেওয়ার চেষ্টা করা হচ্ছিল।
মোট ২ কেজি ৭২৮ গ্রাম ওজনের ছয়টি সোনার ডিম জব্দ করার তথ্য দিয়ে অধিদপ্তর বলেছে, এগুলোর বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৭ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ মিনহাজকে সন্দেহভাজন হিসেবে ফ্লাইট থেকে নামিয়ে আনা হয়।
পরবর্তীতে তার সহযোগিতায় তিনটি ‘সোনার ডিম’ উদ্ধার করা হয়, যার মোট ওজন ১ কেজি ৩৬৪ গ্রাম।
এছাড়া অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ফেলে রাখা আরও তিনটি ‘সোনার ডিম’ জব্দ করেন, যার ওজন আগের তিনটির সমান।
সিআইআইডি বলছে, স্বর্ণের প্রকৃত উৎস, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা, সম্ভাব্য চোরাচালান চক্র এবং আন্তর্জাতিক যোগাযোগের বিষয়গুলো খতিয়ে দেখছে তারা।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তথ্য দিয়েছে অধিদপ্তর।
স্মৃতিতে তৌফিক: একজন পরামর্শক, একজন বন্ধু
গাধা উন্নয়ন প্রকল্প এবং একটি ভালো কলেজের গল্প
এইচএসসির ফল:বিপর্যয় নাকি এটিই শিক্ষার প্রকৃত মান?
তৌফিক ইমরোজ খালিদী: যিনি মানুষ ও প্রতিষ্ঠান গড়েছেন