দ্বিতীয় দিনটা হতাশায় কেটেছে বাংলাদেশের। প্রায় পুরো দিনে মোটে ৪ উইকেট তুলতে পেরেছিল বাংলাদেশ। তৃতীয় দিনের সকালের কন্ডিশন কতটা কাজে লাগাতে পারে টাইগার বোলাররা সেটাই দেখার অপেক্ষা ছিল। হতাশ হতে হয়নি। নতুন বলে দুর্দান্ত শুরু করলেন পেসার হাসান মাহমুদ। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করার রেকর্ডও গড়েছেন এই টাইগার পেসার।
আজ রোববার (১১ অক্টোবর) আবুধবাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮৬ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২২১ রান তুলেছে আফগানিস্তান। এখনো তারা পিছিয়ে ১২৫ রানে। ২০২ বল খেলে ৮৭ রানে অপরাজিত অধিনায়ক রহমত শাহ আর ৯ বলে এখনো কোনো রান করতে পারেননি ইয়ামিন আহমাদজাই।
আগের দিন নিজের নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি হাসান মাহমুদ। মোটে একটি উইকেট নিতে পেরেছিলেন। তবে হাসান যেন সব তোলা রেখেছিলেন তৃতীয় দিন সকালের জন্য। তৃতীয় দিন দ্বিতীয় নতুন বল পেয়ে দুই পাশ থেকেই পেস আক্রমণ করছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সেটার সুফল পেতে খুব একটা দেরি হয়নি। তৃতীয় দিনের তৃতীয় ওভারেই বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন এবাদত হোসেন। আফগান উইকেটরক্ষক ব্যাটার ইকরাম আলীখিলকে ফিরিয়ে ভাঙেন ২১১ বলে ৮০ রানের জুটি। যেই জুটি গতকাল বাংলাদেশের মাথা ব্যাথার কারণ হয়েছিল। ইকরাম ফেরেন ১০৩ বলে ৩২ রান করে।
এর পরের গল্পটা হাসান মাহমুদের। পরের ওভারে তিনি বল করতে আসলেন, বল করলেন আর জয় করলেন– গল্পটা এভাবেও বলা যায়। ওভারের তৃতীয়, চতুর্থ আর পঞ্চম টানা তিন বলে তিন উইকেট তুলে নিলেন হাসান। গড়লেন ইতিহাসও। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক এখন হাসানের নামের পাশে। রানের খাতা খোলার আগেই ফেরান ইসমাত আলম, কাইস আহমেদ আর জিয়া-উর-রহমানকে।
শুধু হ্যাটট্রিকই আফগানদের পরের টানা চারটি উইকেটই নিজের ঝুলিতে পুড়েন হাসান। ইনিংসের ৮৭তম ওভারে বোলিংয়ে এসে ফেরা ইয়ামিন আহমাদজাইকে। তাকেও রানের খাতা খুলতে দেননি। আফগান এই ব্যাটারকে ফিরিয়ে ফাইফার তুলে নেন হাসান। টেস্টে এটি তার চতুর্থ ফাইফার। তার বোলিংয়েই কোমড় ভেঙে যায় আফগানদের।