1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

হাইকোর্টে লতিফ সিদ্দিকীর জামিন, কারামুক্তিতে আর বাধা নেই

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বার দেখা হয়েছে

আইন ও আদালত ডেস্ক

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন মঞ্জুরের আদেশ দেন।

আদালতে আব্দুল লতিফ সিদ্দিকীর পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল ও আল আমিন হোসেন শুনানিতে অংশ নেন। জামিন আদেশের বিষয়ে ইব্রাহিম খলিল সাংবাদিকদের জানান, এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

এর আগে গত ২৯ আগস্ট শাহবাগ থানায় দায়ের করা একই মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলাটি করেছিলেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম।

মামলার অন্যান্য আসামিরা হলেন— মো. আব্দুল্লাহ আল আমিন (৭৩), মঞ্জুরুল আলম (৪৯), কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল (৭২), গোলাম মোস্তফা (৮১), মো. মহিউল ইসলাম ওরফে বাবু (৬৪), মো. জাকির হোসেন (৭৪), মো. তৌছিফুল বারী খান (৭২), মো. আমির হোসেন সুমন (৩৭), মো. আল আমিন (৪০), মো. নাজমুল আহসান (৩৫), সৈয়দ শাহেদ হাসান (৩৬), মো. শফিকুল ইসলাম দেলোয়ার (৬৪), দেওয়ান মোহাম্মদ আলী (৫০) ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম (৬১)।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান আসামিদের কারাগারে রাখার আবেদন করেছিলেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন জানান, তবে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে সকল আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২৮ আগস্ট সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত থেকে আব্দুল লতিফ সিদ্দিকী নাকি দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন এবং উপস্থিত অন্যদেরও এতে প্ররোচিত করেন বলে অভিযোগে বলা হয়।

বৈঠক শেষে উপস্থিত প্রায় ৭০ থেকে ৮০ জনের মধ্যে থেকে ১৬ জনকে পুলিশ আটক করে। জিজ্ঞাসাবাদে পুলিশ জানায়, ‘মঞ্চ ৭১’ নামের সংগঠনটি ৫ আগস্ট আত্মপ্রকাশ করে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা জানায়। তবে পুলিশের দাবি, এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে সরকার উৎখাতের পরিকল্পনা করা হচ্ছিল।

হাইকোর্টের সাম্প্রতিক আদেশের ফলে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আপাতত জামিনে মুক্তি পাচ্ছেন। তবে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে মামলাটির পরবর্তী আইনি ধাপ নির্ধারিত হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026