1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

রাষ্ট্রীয় প্রটোকলে জেলা পরিষদ চেয়ারম্যানদের মর্যাদা অনুসরণের নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

বাংলাদেশ ডেস্ক

রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা ও প্রটোকলিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্ত মর্যাদা নিশ্চিত করতে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) এই নির্দেশনা বাস্তবায়নের জন্য চিঠি দেওয়া হয়েছে।

গত ৩০ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে এ আদেশ জারি করা হয়। যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই চিঠিতে স্পষ্ট করা হয়, সরকারি প্রটোকলে রাষ্ট্রীয় অগ্রাধিকার তালিকা বা ওয়ারেন্ট অব প্রিসিডেন্স মেনে চলা বাধ্যতামূলক।

নির্দেশনা অনুযায়ী, জেলা পর্যায়ের যেকোনো সরকারি ও প্রটোকলিক আয়োজনে আসন বিন্যাস, আনুষ্ঠানিক চিঠিপত্র ও দাওয়াতপত্রে নামের ক্রম নির্ধারণসহ সংশ্লিষ্ট সবক্ষেত্রে সংশোধিত ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের পদমর্যাদা ও সম্মান দিতে হবে। দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে প্রটোকল বজায় রাখা নিয়ে শিথিলতা বা বিশৃঙ্খলা দেখা দেওয়ায় প্রটোকলিক শৃঙ্খলা ফেরাতে এই পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়।

চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় পদক্ষেপের জন্য মন্ত্রিপরিষদ সচিব, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, স্থানীয় সরকার বিভাগের সচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিবসহ ১১টি দপ্তরে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ প্রদান করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026