জাতীয় দলের জার্সিতে শেষ হয়েছে লিওনেল মেসির অধ্যায়। আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে গোল ও দুটি অ্যাসিস্ট করে বিদায়টাও হয়েছে মহার্ঘ। তবে মেসির ফুটবল-গল্প যে এখনই থেমে যাচ্ছে না। ক্লাবের হয়ে খেলে যাবেন তিনি। তবে এরমধ্যেই আর্জেন্টাইন মহাতারকাকে নতুন এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো দোমিনগেস।
আর্জেন্টিনা-বেনিনের প্রীতি ম্যাচে মেসি ও তার পরিবারের সঙ্গে দেখা হয়েছিল দোমিনগেসের। মনুমেন্তালে সেই সাক্ষাতেই মেসির সামনে প্রস্তাবটি রাখেন কনমেবল সভাপতি। তার মতে, বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসির আর একটি জিনিসই বাকি, ক্লাব ফুটবলের দক্ষিণ আমেরিকান শ্রেষ্ঠত্বের আসর কোপা লিবের্তাদোরেসে খেলা।
'আমার মনে হয়, তার ক্যারিয়ারে একমাত্র যে জিনিসটি বাকি আছে, সেটি হলো কোপা লিবের্তাদোরেস খেলা,' মেসিকে উদ্দেশ্য করে বলেন দোমিনগেস।
এরপর হাসতে হাসতেই আর্জেন্টাইন তারকার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি, 'তুমি কি চ্যালেঞ্জটা গ্রহণ করবে?' তবে কনমেবল সভাপতির এমন প্রস্তাবে মেসির কাছ থেকে কোনো উত্তর মেলেনি। নীরবই ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক।
মেসিকে লিবের্তাদোরেসে দেখার সম্ভাবনার পেছনে অবশ্য কিছু বাস্তবতাও আছে। বেশ কিছুদিন ধরেই মেক্সিকোর ক্লাবগুলোকে আবার কোপা লিবের্তাদোরেসে ফেরানোর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবগুলোকে দক্ষিণ আমেরিকার এই প্রতিযোগিতায় যুক্ত করার সম্ভাবনাও সামনে এসেছে।
আর সেই সম্ভাবনা বাস্তব রূপ নিলে মেসিকে ঘিরে আগ্রহ যে আরও বেড়ে যাবে, সেটিই স্বাভাবিক। কারণ বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এখন পর্যন্ত মেক্সিকো বা এমএলএসের ক্লাবগুলোকে লিবের্তাদোরেসে ফেরানো কিংবা যুক্ত করার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে দোমিনগেসের প্রস্তাব আপাতত সম্ভাবনার দরজায় কড়া নাড়ছে মাত্র।
এদিকে বিদায়ের পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের অনুভূতির কথা জানান মেসি। সতীর্থ ও সমর্থকদের উদ্দেশে মেসি লেখেন, 'আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। তোমাদের মিস করব। আর সবসময় কৃতজ্ঞ থাকব, তোমরা আমাদের পাশে ছিলে, আমার পাশে ছিলে।'