বাংলাদেশ ডেস্ক
জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রবিবার দিনগত রাতে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এরপর ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। এই পুরো অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
এর আগে গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা তাকে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত করেন। ওই নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করে এই গৌরব অর্জন করেন। বাংলাদেশের পক্ষে এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে দেশের কূটনৈতিক মর্যাদা ও অবস্থান আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
পররাষ্ট্রমন্ত্রীর প্রায় দুই মাসের এই দীর্ঘ বিদেশ অবস্থানের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত দায়িত্বের পাশাপাশি অন্যান্য সকল দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় তাকে সার্বিক সহায়তা করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। এর ফলে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রমে কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না বলে আশা করা হচ্ছে। অধিবেশন শেষে পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।