ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বোরহান উদ্দিন (৭৫) নামে এক কয়েদির অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কারাগারে ওই কয়েদি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য দ্রুত রাত সোয়া ১২টার দিকে তাকে ঢামেক হাসপাতালে এনে মেডিসিন বিভাগে ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করে দেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রকার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
কারারক্ষী সুজন আহমেদ বলেন, বোরহান উদ্দিন কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার কয়েদি নং ২৯১১/এ। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলারকতোয়ালী থানার কাটিয়ারচরে। তবে কোন মামলায় তিনি কারাবন্দি ছিলেন এ বিষয়টি আমরা বলতে পারবো না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।