নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও এর আশপাশের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে।
এর মধ্যে মিরপুর এলাকায় ৩ প্লাটুন, সাভার ও আশুলিয়া এলাকায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছে। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা ও নিরাপত্তা কার্যক্রম জোরদারে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) বা রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি) মোতায়েন রয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
তিনি জানান, 'শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা বজায় রাখতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।'
তিনি আরো জানান, 'নিরাপত্তা কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় ড্রোনের মাধ্যমে লাইভ মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি দায়িত্ব পালনকালে বডি ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে।'
শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সতর্ক অবস্থানে রয়েছেন। সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানায় বিজিবি।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.