‘নাইটহুড’ পেলে গর্বিত হবেন হ্যারি কেইন, পাশাপাশি বিচিত্র অনুভূতিও হবে ব্যালন দ’রজয়ী তারকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
হ্যারি এডওয়ার্ড কেইন নামটির আগে যদি ‘স্যার’ উপাধি বসে? প্রশ্ন শুনেই বুঝি রোমাঞ্চ খেলে গেল হ্যারি কেইনের মনে। ব্যালন দ’রজয়ী ইংলিশ তারকা বললেন, নাইটহুড পেলে দারুণ গর্বিত হবেন তিনি। তবে মুচকি হেসে এটিও বলছেন, ‘স্যার’ ডাক শুনতে অদ্ভুতুড়ে লাগবে তার।
ইংল্যান্ডের ২৫ বছরের খরা কাটিয়ে গত সোমবার রাতে ব্যালন দ’র জিতেছেন কেইন। তার আগে সবশেষ এই পুরস্কারজয়ী ইংলিশ ফুটবলার ছিলেন ২০০১ সালে মাইকেল ওয়েন।
ইংল্যান্ডের সর্বকালের সফলতম গোলস্কোরার তিনি অনেক আগে থেকেই। দলকে নেতৃত্ব দিচ্ছেন অনেক দিন ধরে। গত বিশ্বকাপে পারফর্ম করেছেন দুর্দান্ত। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। এবার ব্যালন দ’র জয়ের পর ইংল্যান্ডে আলোচনা চলছে, ‘নাইটহুড’ দেওয়া হতে পারে তাকে।
সত্যিই যদি এই সম্মান দেওয়া হয়, কেমন লাগবে কেইনের? ইংলিশ অধিনায়ক শোনালেন তার সম্ভাব্য অনুভূতি।
“অবশ্যই এটি (নাইটহুড) পেলে আমি ‘না’ করব না। যদি এটি হয়, তবে তা হবে অবিশ্বাস্য এবং এমন একটা কিছু, যা নিয়ে আমি খুবই গর্বিত হব। কিন্তু এখনই খুব বেশি উচ্ছ্বসিত হতে চাই না।
“(স্যার ডাক) শুনতে ভালো লাগবে। কিন্তু এটা ঠিক, সবাই আমাকে ‘স্যার’ বললে অদ্ভুতও লাগবে। আপাতত তাই স্রেফ ‘হ্যারি’ হয়ে থাকাই শ্রেয়।”
ব্যালন দ’র জয়ের পর কেইনকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেন,
“ব্যালন দ’র জেতার জন্য হ্যারি কেইনকে অভিনন্দন জানাচ্ছেন প্রধানমন্ত্রী। ২৫ বছরের মধ্যে প্রথম ইংরেজ হিসেবে এটি জেতা অসাধারণ কৃতিত্ব এবং নিজ দেশে পুরস্কার নেওয়ার মুহূর্তটি সত্যিই স্মরণীয়।”
কেইনকে ‘নাইটহুড’ দেওয়া হবে কি না বা প্রধানমন্ত্র এটা চান কি না, জানতে চাইলে তিনি বলেন, “নাইট উপাধি সংক্রান্ত আপনার প্রশ্নের উত্তরে বলতে পারি, সবাই নিশ্চয়ই একমত হবেন যে, হ্যারি কেইন ইংলিশ ফুটবলকে বিপুল অবদান রেখেছেন এবং এটি তার ও দেশের জন্য একটি অত্যন্ত বিশেষ মুহূর্ত। কিন্তু বরাবরের মতোই, সম্মাননা প্রদানের প্রক্রিয়াটি নিয়ে আগেভাগে কিছু বলতে চাই না।”
ব্যালন দ’র জয়ের পর বুধবার জার্মান কাপে বায়ার্ন মিউনিখের ম্যাচে বিশ্রামে ছিলেন কেইন। তবে মাঠে তিনি এসেছিলেন। খেলা শুরুর পর তাকে বিশেষ আয়োজনে সম্মান জানায় বায়ার্ন। ক্লাব ও সমর্থকদের সেই ভালোবাসা ছুঁয়ে গেছে ৩৩ বছর বয়সী তারকাকে।
“৪৮ ঘণ্টার মধ্যে অনেক কিছু ঘটে গেছে। একটু স্বাভাবিক জীবনে ফিরতে পেরে ভালো লাগছে, ভক্তদের দেখতে পাচ্ছি, খেলার আগে অভ্যর্থনা পাচ্ছি। গত ৪৮ ঘণ্টা খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। এখন এখানে এসে ঘরে ফেরার মতো অনুভূতি হচ্ছে।”
মেট্রোরেলে প্রবীণের মৃত্যু: একটু বসার জায়গা ছাড়েনি কেউ
উদীচীর ৫৮: কনটেন্টের কোলাহলে মুক্তবুদ্ধির ধ্রুবতারা
পরিচ্ছন্ন দেশ চাই, কিন্তু নিজেকে বদলাতে চাই না