বরিশাল প্রতিনিধি : ‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’—এই প্রতিপাদ্য সামনে রেখে বরিশালে বিশ্ব ডিম দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে শোভাযাত্রাটি বের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক মো. মাহফুজুল হক, বিভাগীয় মৎস্য পরিচালক মো. কামরুল হাসান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউজ্জামান, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, সিভিল সার্জন ডা. মো. সাইয়েদুর রহমান, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. নাসির উদ্দীন আহমেদ এবং দুগ্ধ ও গবাদিজাত উন্নয়ন খামারের উপপরিচালক অরুণ কুমার সাহাসহ প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সচেতনতামূলক প্রচার, ডিম বিতরণ এবং শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়।
আয়োজকেরা জানান, বিশ্ব ডিম দিবসের কর্মসূচির মাধ্যমে ডিমের পুষ্টিগুণ, নিরাপদ ও মানসম্মত ডিম উৎপাদন, সুষম খাদ্যাভ্যাস এবং দেশের পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে পোলট্রি খাতের অবদান সম্পর্কে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
আলোচনা সভায় ডিম উৎপাদনকারী খামারি ও উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি আধুনিক, নিরাপদ ও টেকসই উৎপাদনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।