“মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি দায় হল কেন অ-মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধার তালিকায় থাকবেন; এই দায় থেকে বেরিয়ে আসতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কাজ করছে,” বলেন তিনি।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
মুক্তিযুদ্ধে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রকৃত তালিকা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি টানতে চান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
তিনি বলেছেন, “স্বাধীনতার ৫৫ বছর পার হয়ে যাচ্ছে। এখন কেন মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে আবেদন নেওয়া হবে? বিষয়টি স্বাধীনতার পর দুয়েক বছরের মধ্যেই শেষ হওয়া উচিত ছিল।
“মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে ৭ অক্টোবরকে আবেদন গ্রহণের শেষ সময় নির্ধারণ করেছে। এরপর আর কোনো আবেদন নেওয়া হবে না। ইতোমধ্যে যারা আবেদন করেছেন, তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে চুলচেরা যাচাই-বাছাই করা হবে। সত্যিই কেউ বাদ পড়ে থাকলে, যতজনই আবেদন করে থাকুন না কেন, যাচাই করে তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তবে তালিকায় শুধু সত্যিকারের মুক্তিযোদ্ধারাই থাকবেন।”
বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে শহীদদের তালিকা, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রকৃত তালিকা প্রণয়নের কৌশল নির্ধারণে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।
আহমেদ আযম খান বলেন, “বীর মুক্তিযোদ্ধার তালিকায় তারাই থাকবেন, যারা সত্যিই মুক্তিযুদ্ধ করেছেন। চূড়ান্ত যাচাই-বাছাইয়ের একটি অধ্যায় থাকবে। এ কাজ দল-মতের ঊর্ধ্বে উঠে নির্মোহভাবে করা হবে।
“রাস্তাঘাট, সংসদসহ বিভিন্ন জায়গায় বীর মুক্তিযোদ্ধার তালিকায় অ-মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা ও সমালোচনা হচ্ছে। অ-মুক্তিযোদ্ধাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। সরকার এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চায়। মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি দায় হল কেন অ-মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধার তালিকায় থাকবেন। এই দায় থেকে বেরিয়ে আসতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কাজ করছে।”
তিনি বলেন, “স্বাধীনতার ইতিহাস আমাদের ঠিকানার ইতিহাস, আমাদের পরিচয়ের ইতিহাস। এখানে যেন কোনো ইতিহাসের দায় না থাকে, কোনো মিথ্যা না থাকে, কোনো কলঙ্ক না থাকে, সেই চেষ্টাটা আমরা চালিয়ে যাব।
“শহীদদের তালিকা নিয়েও বিতর্ক রয়েছে। এসব বিষয় দল-মতের ঊর্ধ্বে উঠে সঠিকভাবে তুলে আনার চেষ্টা করছে মন্ত্রণালয়। আমরা চাই স্বাধীনতার ইতিহাস সঠিকভাবে লিপিবদ্ধ হোক। আগামী দিনে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্বাধীনতার ইতিহাস মানুষ সঠিকভাবে জানুক।”
‘অদম্য-৩২’ ফুটবলকন্যার দুয়ারে এক অদম্য সম্পাদকের ছায়া
প্রত্যাশা ও বাস্তবতার ব্যবধান: ঝুঁকির মুখে বিএনপির জনআস্থা
এল চ্যাপো টু পিচ্চি রাজা: মাদকের টাকায় খুলে যায় কারাগারের তালা
তৌফিক ইমরোজ খালিদীকে আমরা কতটা চিনি