তুরাগ তীরের এ ময়দানে ২০২৭ সালের ৮-১০ প্রথম দফা এবং ১৫-১৭ জানুয়ারি দ্বিতীয় দফা বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
তাবলীগের জামায়াতের মাওলানা সাদের অনুসারীদের আর কখনো টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে না দেওয়ার দাবি করেছেন সুরায়ে নেজাম (জুবায়ের) অনুসারী মুরুব্বিরা।
শনিবার দুপুরে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সারা দেশের বিশিষ্ট আলেম-ওলামাদের নিয়ে পরামর্শ সভার পর এক সংবাদ সম্মেলনে এ দাবিসহ দুই দফার কথা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা শায়েখ সাজিদুর রহমান।
এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
দাবিগুলো হলো- সাদপন্থিরা টঙ্গী ইজতেমা ময়দানে আর কোনো ইজতেমা বা তাবলীগী কার্যক্রম পরিচালনা করতে পারবে না এবং ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীতে সংঘটিত ঘটনায় সাদপন্থিদের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা দুটির দ্রুত অভিযোগপত্র দিতে হবে। মামলা দুটি পিআইবির অধীনে তদন্তাধীন আছে।
টঙ্গীর তুরাগ তীরের এ ময়দানে ২০২৭ সালের ৮-১০ প্রথম দফা এবং ১৫-১৭ জানুয়ারি দ্বিতীয় দফা বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
তবে এই দাবি দুটি পূরণ না হওয়া পর্যন্ত সাদপন্থিরা এ ইজতেমা ময়দানে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায়ও অংশগ্রহণ করতে পারবে না বলে আল্টিমেটাম দিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এ বিষয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করা হলে কিংবা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে ঢাকার কেন্দ্রীয় সিদ্ধান্ত পাওয়ার পর নিজ নিজ জেলায় কঠোর কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হকসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তাবলীগ জামাতের সদস্যরা উপস্থিত ছিলেন।
মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে
প্রয়োজন কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং বিকল্প শ্রমবাজার
ডিজিটাল নিরাপত্তা কি শুধু সচেতন ও বিত্তবানদের জন্য?