সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা, সংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে (ডিবি) ডেকে নিয়ে যাওয়া হয়েছে। তাকে নিয়ে যাওয়া হয় বেসরকারি টেলিভিশন ডিবিসির কার্যালয় থেকে। তবে কী অভিযোগে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে পরিষ্কার করে জানানো হয়নি। এ ছাড়া ডিবিসির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ডিবিসি অফিস থেকে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে ডিএমপির মিডিয়া শাখা কথা বলবে। ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার আক্তার হোসেন বিকাল সাড়ে ৩টার দিকে জানিয়েছেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে (ইকবাল সোবহান চৌধুরী) ডিবি কার্যালয়ে ডেকে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এমনটাই আমাকে স্যার জানিয়েছেন।’ ২০১৩ সালের জুলাইয়ে শেখ হাসিনার তথ্য উপদেষ্টার দায়িত্ব পান বাংলাদেশ অবজারভারের সাবেক সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। এর আগে ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফেনী সদরে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচন করে পরাজিত হন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে ইকবাল সোবহান চৌধুরী দেশের সাংবাদিক সংগঠনগুলোর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ডিবিসি নিউজের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।