সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে স্থগিত থাকা ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট আবারও চালু হবে আগামী ৭ নভেম্বর থেকে। তবে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দিনের বেলায় এ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। অন্যদিকে, পরবর্তী নির্দেশনা পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার সময়সূচিতে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে। রিয়াদগামী যাত্রীদের উল্লেখযোগ্য অংশ বিকল্প পথে সৌদি আরবে যাতায়াত করে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, বিদেশে যত বাংলাদেশি রয়েছেন, তার মধ্যে সবচেয়ে বেশি থাকেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। বাংলাদেশের জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য এই দেশটি। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের মধ্যে তেহরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী সম্প্রতি কয়েক দফায় হামলা চালিয়েছে সৌদি আরবে।