আগামী নভেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আগারগাঁওয়ের ডাক ভবনে বিশ্ব ডাক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে স্মারক ডাকটিকিট উন্মোচন ও পুরস্কার বিতরণ করা হয়।
মন্ত্রী বলেন, 'আমরা আগামী নভেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম চুল্লি থেকে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। পাশাপাশি আগামী বছরের জুনের দিকে দ্বিতীয় চুল্লিতে পারমাণবিক জ্বালানি লোড করার পরিকল্পনা রয়েছে।'
প্রকল্পটির গুরুত্ব তুলে ধরে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ১ হাজার ২০০ মেগাওয়াট সক্ষমতার এ বৃহৎ প্রকল্পটি রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ কারণে রাশিয়ার পক্ষ থেকেও প্রকল্পটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি জানান, প্রকল্পের নির্ধারিত লক্ষ্য অর্জনে তিন মাস আগে পাঠানো বিশেষজ্ঞ দল দিনরাত কাজ করছে।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.