1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী ‘৫ বছরের মধ্যে’ মহাকাশ যুদ্ধে জড়াতে পারে বিশ্ব জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর মূল শক্তি জনগণের আস্থা: প্রধানমন্ত্রী বাংলাদেশ-পাকিস্তান সাংস্কৃতিক বন্ধন জোরদারের আহ্বান যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে এক পোর্টালে সব ধরনের ট্রেড লাইসেন্স ইস্যুর কথা ভাবছে সরকার ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে রীতিমতো বিধ্বস্ত বাংলাদেশ বৈশ্বিক পরিস্থিতিতে প্রতিরক্ষা সময়োপযোগী করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ-পাকিস্তান সাংস্কৃতিক বন্ধন জোরদারের আহ্বান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলা গান ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছে বাংলাদেশের ১৫ সদস্যের একটি সাংস্কৃতিক দল। শনিবার রাতে পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অব দ্য আর্টসের (পিএনসিএ) মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়। পাশাপাশি শিল্প ও সংস্কৃতির আদান-প্রদানের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মানুষের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পাকিস্তানের সংস্কৃতি ও জাতীয় ঐতিহ্যবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি ছিলেন দেশটির ফেডারেল সংস্কৃতি ও জাতীয় ঐতিহ্যমন্ত্রী আওরঙ্গজেব খান খিচি। অনুষ্ঠানে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান, জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক বিভাগের সচিব আসাদ রহমান গিলানি, বিভিন্ন দেশের কূটনীতিক, জ্যেষ্ঠ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী এবং দুই দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পীদের স্বাগত জানিয়ে আওরঙ্গজেব খান খিচি বলেন, সাংস্কৃতিক বিনিময় দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানো, ভিন্ন ভিন্ন শিল্পধারার প্রতি শ্রদ্ধা তৈরি এবং পারস্পরিক সম্মান জোরদারের গুরুত্বপূর্ণ মাধ্যম। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের পরস্পরের দেশে যাতায়াত, সৃজনশীল অভিজ্ঞতা বিনিময় এবং সাংস্কৃতিক ও জনপর্যায়ের সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক দলকে স্বাগত জানানো এবং দেশটির হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতের বিষয়ে তার মন্ত্রণালয় আগ্রহী ছিল। দুই দেশের সম্পর্ক জোরদারে সংস্কৃতির ভূমিকার প্রতি পাকিস্তানের গুরুত্ব দেওয়ার বিষয়টিও তিনি তুলে ধরেন।

জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক বিভাগের সচিব আসাদ রহমান গিলানি বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানান। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে শিল্পীদের নিষ্ঠা ও প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। গিলানি বলেন, এ ধরনের সাংস্কৃতিক বিনিময় শিল্পী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অভিজ্ঞতা ভাগাভাগির সুযোগ তৈরি করে। একই সঙ্গে তরুণ শিল্পীদের অনুপ্রাণিত করা এবং ঐতিহ্যবাহী শিল্পচর্চা সংরক্ষণেও এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা তুলে ধরেন। সংগীত, সাহিত্য এবং অভিন্ন আঞ্চলিক ঐতিহ্যের মধ্য দিয়ে এ সম্পর্কের প্রতিফলন ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশি শিল্পীদের উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য পাকিস্তান সরকার ও দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাইকমিশনার। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করতে সাংস্কৃতিক উদ্যোগের গুরুত্বও তুলে ধরেন তিনি।

প্রায় দুই ঘণ্টার এ আয়োজনে ছিল দলীয় নৃত্য, একক সংগীত পরিবেশনা ও দলীয় গান। দর্শকে পরিপূর্ণ মিলনায়তনে শিল্পীদের পরিবেশনা ব্যাপক করতালি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে প্রশংসিত হয়।

একক সংগীত পরিবেশন করেন পিয়াল হাসান, মো. ইশা খান, ইথুন বাবু, মোহাম্মদ জামাল উদ্দিন নাসের ও নাজনীন চৌধুরী। নৃত্য পরিবেশন করেন ফারহানা চৌধুরী, আবদুর রশিদ স্বপন, মেহবুবা মাহনূর চাঁদনী ও গোলাম মোস্তফা। তাদের পরিবেশনায় বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন তবলায় রাজু আহমেদ চৌধুরী, সিনথেসাইজারে মো. রাহাত আহমেদ হাসান, গিটারে মো. ইকবাল হোসেন খন্দকার এবং অক্টাপ্যাডে সৌরভ সাহা।

প্রতিনিধিদলের অধিকাংশ সদস্যের জন্য এটিই ছিল প্রথম পাকিস্তান সফর। দেশটির আতিথেয়তা ও সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়ে তারা আনন্দ প্রকাশ করেন। সফরের অংশ হিসেবে বাংলাদেশের প্রতিনিধিদল পাকিস্তানের প্রত্নতত্ত্ব ও জাদুঘর বিভাগ এবং ফয়সাল মসজিদসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখে। ইসলামাবাদের সৌন্দর্য ও সাংস্কৃতিক নিদর্শন দেখে মুগ্ধ হন তারা। এসব পরিদর্শনের মধ্য দিয়ে পাকিস্তানের ঐতিহ্য সম্পর্কে জানার পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর সুযোগ তৈরি হয়।

এদিকে সাংস্কৃতিক সন্ধ্যার পাশাপাশি পিএনসিএর ফটোগ্রাফি গ্যালারিতে বাংলাদেশের বিশিষ্ট শিল্পী মো. আবদুস সাত্তারের একক চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন পাকিস্তানের সংস্কৃতি ও জাতীয় ঐতিহ্যমন্ত্রী আওরঙ্গজেব খান খিচি। এর মধ্য দিয়ে বাংলাদেশের শিল্প-ঐতিহ্য উদ্‌যাপনে যোগ হয় নতুন মাত্রা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026